বরখাস্ত ডিআইজি প্রিজন পার্থ গোপালের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ

বাসা থেকে নগদ ৮০ লাখ টাকা উদ্ধারের পর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বরখাস্ত কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) পার্থ গোপাল বণিককে বিচারিক আদালতের দেওয়া জামিন বাতিল করে তাকে আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

পার্থ গোপালের জামিনের আদেশের বিরুদ্ধে দুদকের করা আপিল মঞ্জুর করে বৃহস্পতিবার এ রায় দেন বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। পার্থ গোপালের পক্ষে ছিলেন আইনজীবী শাহরিয়ার কবির বিপ্লব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

অ্যাডভোকেট খুরশীদ আলম খান জানান, হাইকোর্ট তার রায়ে পার্থ গোপালের মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত- ৫ থেকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল- ৪ এ পাঠানোর নির্দেশ দিয়ে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে মামলার বিচারিক কার্যক্রম শেষ করতে বলেছে। একই সঙ্গে মামলার রায় ও আদেশ উন্মুক্ত আদালতে নির্দেশ দিয়ে পার্থ গোপালকে জামিন দেওয়া বিচারক ইকবাল হোসেনকে ভবিষ্যতের জন্য সতর্ক করেছে হাইকোর্ট। গত ১৭ জুন ঢাকার বিশেষ জজ আদালত- ৫ এর বিচারক ইকবাল হোসেন ভার্চুয়াল শুনানি নিয়ে পার্থ গোপালকে জামিনের আদেশ দেন। পরদিন তিনি কারামুক্ত হন।

এর আগে হাইকোর্টে একাধিকবার পার্থ গোপালের জামিনের আবেদন খারিজ হয়। পার্থকে জামিন দিয়ে বিচারিক আদালতের এ আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আপিল করে দুদক। গত ২৮ জুন দুদকের করা আপিল শুনানির জন্য গ্রহণ করে হাইকোর্ট। একই সঙ্গে পার্থ গোপালের এই মামলা নিষ্পত্তিতে এর আগে হাইকোর্টের বেঁধে দেওয়া এক বছর ও ছয় মাস সময়ের দুটি আদেশের বিষয়ে ব্যাখ্যা দিতে বিচারক ইকবাল হোসেনকে নির্দেশ দেয় হাইকোর্ট। বিচারক ব্যাখ্যা দিয়ে হাইকোর্টের কাছে ক্ষমা চান। এর ধারাবাহিকতায় দুদকের আপিলের ওপর গত ২৬ আগস্ট শুনানি শেষ হয়।

২০১৯ সালের ২৮ জুলাই রাজধানীর ভূতের গলিতে পার্থ গোপালের বাসা থেকে ৮০ লাখ টাকাসহ তাকে গ্রেপ্তার করে দুদক। এ ঘটনায় তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা হয়। মামলাটি সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে।