প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা, যুবক আটক

সাভারে ঘরে ঢুকে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম রুমা আক্তার (২৭)। বৃহস্পতিবার ভোররাতে সাভারের দক্ষিণ রাজাশন এলাকার সার্ড স্কুলসংলগ্ন তার বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।

রুমা আক্তার সাভারের দক্ষিণ রাজাশন এলাকার মহিউদ্দিন মোল্লার মেয়ে। তার স্বামী মোবারক হোসেন দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। রুমা বেশিরভাগ সময় তার একমাত্র সন্তান নিয়ে বাবার বাড়িতেই থাকতেন। কয়েক দিন আগেই রাজধানীর মিরপুরের শ্বশুরবাড়ি থেকে সাভারে বাবার বাড়িতে আসেন তিনি। পরে রুমা ১৫ বছর বয়সী মেয়েকে তার খালার বাসায় বেড়াতে পাঠান।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে রুমা যথারীতি খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। প্রতিদিন তিনি ভোরে ঘুম থেকে উঠতেন। কিন্তু গতকাল না ওঠায় তার ঘরে যায় পরিবারের সদস্যরা। এসময় তার রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহতের চাচা ইব্রাহীম খলিল জানান, বৃহস্পতিবার ভোরে এক প্রতিবেশী ঘরের দরজা খোলা দেখতে পেয়ে রুমা আক্তারের পরিবারের সদস্যদের জানান। পরে ঘরে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্বজনরা। থানায় খবর দিলে রুমা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তাহমিদুল বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

একই সঙ্গে হত্যাকা-ের কারণ ও হত্যাকারীদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। এ ব্যাপারে সাভার মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। হত্যাকা-ে জড়িত সন্দেহ এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও জানান তিনি।