বাসা থেকে নগদ ৮০ লাখ টাকা উদ্ধারের পর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বরখাস্ত কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) পার্থ গোপাল বণিককে বিচারিক আদালতের দেওয়া জামিন বাতিল করে আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। পার্থ গোপালের জামিনের আদেশের বিরুদ্ধে দুদকের করা আপিল মঞ্জুর করে গতকাল বৃহস্পতিবার এ রায় দেয় বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। পার্থ গোপালের পক্ষে ছিলেন আইনজীবী শাহরিয়ার কবির বিপ্লব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
খুরশীদ আলম খান জানান, ‘হাইকোর্ট তার রায়ে পার্থ গোপালের মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৫ থেকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এ পাঠানোর নির্দেশ দিয়ে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে মামলার বিচারিক কার্যক্রম শেষ করতে বলেছে। একই সঙ্গে পার্থ গোপালকে জামিন দেওয়া বিচারক ইকবাল হোসেনকে ভবিষ্যতের জন্য সতর্ক করেছে হাইকোর্ট।’ গত ১৭ জুন ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ইকবাল হোসেন ভার্চুয়াল শুনানি নিয়ে পার্থ গোপালকে জামিনের আদেশ দেন। পরদিন তিনি কারামুক্ত হন।