মহানায়ককে ‘অতি উত্তম’ করে পর্দায় ফেরাচ্ছেন সৃজিত

মহানায়ক উত্তম কুমারকে প্রয়াণের কয়েক দশক পর নতুন করে বড়পর্দায় ফেরাচ্ছেন সৃজিত মুখার্জি। এর খবর তো পুরোনোই। নতুন যা যুক্ত হলো— অবশেষে মুক্তি পেল বহুল প্রতীক্ষিত ছবি ‘অতি উত্তম’-এর পোস্টার।

৩ সেপ্টেম্বর অর্থাৎ উত্তমকুমারের জন্মবার্ষিকীর দিনেই প্রকাশ হলো এই পোস্টার।

অনলাইনে ‘অতি উত্তম’-এর পোস্টার শেয়ার করে ছবি তৈরির গল্পের খানিকটা ভাগাভাগি করেছেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৃজিত।

তিনি জানান, দীর্ঘ ৪ বছরের ফসল এই ছবি। গবেষণার পাশাপাশি রয়েছে মহানায়কের ৬২টি ছবি ফ্রেম বাই ফ্রেম খুঁটিয়ে দেখা, পর্যবেক্ষণ করা। এমনকি বারবার বদলাতে হয়েছে চিত্রনাট্যও। তারপর তো ছিলই ভিএফএক্স নিয়ে দীর্ঘ আলোচনা। উত্তমের ছবির বিভিন্ন লাগসই দৃশ্য নিজের ছবিতে ব্যবহার করার স্বত্ব আদায়ের জন্য নানান জায়গায় ছোটাছুটি করতে হয়েছে সৃজিতকে।

ঘুপচি গলি পেরিয়ে ধুলো জমা মান্ধাতার আমলের অফিস হোক কিংবা আলো অন্ধকারে ঢাকা পানশালা, কিচ্ছু বাকি রাখেননি সৃজিত। অবশেষে সবকিছু শেষে পরিচালকের অনেক দিনের স্বপ্ন ‘অতি উত্তম’ দেখতে পাবে অন্যরাও।

নজর কেড়েছে ছবির পোস্টার। অবিকল ষাটের দশকে মহানায়কের সিনেমার পোস্টারের ধাঁচে বানানো হয়েছে। পোস্টারের একটি বড় অংশ জুড়ে ভুবনভোলানো সেই বিখ্যাত হাসি হাসছেন উত্তর কুমার। তার আশপাশে জুড়ে রয়েছে ছবির অভিনেতারা। পোস্টারে লেখার ভাষা ও আঙ্গিকের সঙ্গেও হুবহু মিল সেই আমলের ছবির পোস্টারের।

‘অতি উত্তম’ নিয়ে বলতে গিয়ে সৃজিত জানিয়েছিলেন, প্রযুক্তিবিদ্যাকে কাজে লাগিয়ে বড়পর্দায় স্বয়ং উত্তম কুমারকে হাজির করাতে চান তিনি। মহানায়কের ৬২টি ছবি থেকে তার বিভিন্ন দৃশ্যের ফুটেজ সংগ্রহ করে ভিএফএক্সের সাহায্যে পর্দায় ‘জীবন্ত’ করে তোলার কথা জানিয়েছিলেন সৃজিত। এই রোম্যান্টিক কমেডি এগোবে এক উত্তম গবেষকের জীবনকে কেন্দ্র করেই, যে চরিত্রে রয়েছেন অনিন্দ্য সেনগুপ্ত। যে কিনা এক তরুণীকে পছন্দ করলেও তার হৃদয় জেতার ক্ষেত্রে বারবার গোল্লা পেয়েছে। অবশেষে উপায় না দেখে ‘গুরু’র শরণাপন্ন হয় সে। উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগসাজশে প্ল্যানচেট করে মহানায়কের সাহায্য নেয় সে এই ভালোবাসার যুদ্ধে বিজয়ী তকমা পাওয়ার জন্য। উত্তম কি ভক্তের ডাকে সাড়া দিলেন? গবেষক কি খুঁজে পেল তার ভালোবাসাকে? এই নিয়েই ‘অতি উত্তম’।

ছবিতে অনিন্দ্য-গৌরব ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন নবাগত রোশনি ভট্টাচার্য, শুভাশীষ মুখোপাধ্যায় ও লাবণি সরকার।