সবাই জানেন, বলিউডের হিট ফ্র্যাঞ্চাইজিতে সালমান খানের চরিত্রের নাম টাইগার। তবে ভিলেন ইমরান হাশমির নাম এখনো আড়ালে।
জানা গেছে, ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর সাবেক এজেন্ট টাইগারের খোঁজে তুরস্কের উদ্দেশে পাড়ি জমিয়েছেন ইমরান হাশমি। সরাসরি সে ব্যাপারে কোনো কথা না বললেও নেট মাধ্যমে ইমরানের স্পষ্ট ইঙ্গিত ধরতে পেরেছেন ভক্তরা।
প্রথম থেকেই খবরের শিরোনামে রয়েছে ‘টাইগার থ্রি’। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে সালমান-ক্যাটরিনার শুটিংয়ের ছবি প্রকাশ্যে আসতেই পাল্লা দিয়ে বেড়েছে দর্শকের উত্তেজনাও। অনেক দিন ধরে শোনা যাচ্ছে, এই ছবিতে টাইগারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে ‘মার্ডার’ তারকা। কিন্তু মিলছিল না পাকা খবর। তবে ইমরানের ফিজিক্যাল ট্রান্সফরমেশনের ছবি দেখা কোনো সন্দেহ ছিল না।
বলা হচ্ছে, পর্দায় সালমানের সঙ্গে দৃশ্যে মানানসই লাগার জন্যই চেহারা ও মাংসপেশি দুইই চওড়া করেছেন ইমরান।
মনীশ শর্মা পরিচালিত ‘টাইগার থ্রি’র প্রধান ভিলেন হিসেবে তাকেই দেখা যাবে কিনা সে বিষয়ে যদিও এখনো পর্যন্ত মুখে টুঁ শব্দ করেননি ইমরান। কোনোরকম ইঙ্গিত দেননি ছবির নির্মাতা সংস্থাও। তবে তিনিই যে ওই ছবির ‘ব্যাড ম্যান’ সে কথার ইঙ্গিত আরও একবার দিলেন এই তারকা।
সোশ্যাল মিডিয়ায় মাস্ক পরা নিজের একটি সেলফি পোস্ট করেছেন ইমরান। ছবি থেকেই স্পষ্ট বিমানবন্দরের ভেতরের লাউঞ্জে রয়েছেন তিনি।
ছবির ক্যাপশনে ইংরেজিতে তুর্কির আদ্যক্ষর লেখার পাশাপাশি জুড়েছেন একটি বিমানের ছবিও। লিখেছেন আপাতত তিনি উড়ে যাচ্ছেন সেখানেই।
রাশিয়ায় শুটিং শেষ করে আপাতত তুরস্কের উদ্দেশে পাড়ি জমিয়েছেন ‘টাইগার থ্রি’ টিম। সালমান-ক্যাটরিনার এবার ইমরানও ধরলেন সেই পথ। সোশ্যাল মিডিয়ায় ‘টাইগার’ শব্দের বিন্দুমাত্র উচ্চারণ না করলেও সিনেমাপ্রেমীদের দুইয়ে দুইয়ে চার করতে মোটেও দেরি হয়নি।