সালমান স্মরণে গান ও সিনেমায় সারাদিন

চির সবুজ নায়ক সালমান শাহর ৫০তম জন্মবার্ষিকী সোমবার। এ উপলক্ষে টিভি চ্যানেলগুলো রেখেছে নানান আয়োজন। বৈশাখী টেলিভিশনের পক্ষ থেকে জানানো হয়, এ দিন তারা প্রচার করবে সালমান অভিনীত সিনেমা ও গান।

সকাল ৮টা ২০ মিনিটে লিটু সোলায়মানের প্রযোজনায় ‘বৈশাখী সকালের গান’ অনুষ্ঠানে সালমান শাহ অভিনীত চলচ্চিত্রের গান গাইবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আগুন।

প্রচার হবে সালমান অভিনীত দুটি সিনেমা। সকাল ১০টা ২৫ মিনিটে রয়েছে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘কন্যাদান’। আরও অভিনয় করেছেন আলমগীর, শাবানা ও লিমা। দুপুর পৌনে ৩টায় প্রচার হবে ‘জীবন সংসার’। জাকির হোসেন রাজুর পরিচালনায় সালমানের সঙ্গে আছেন শাবনূর, ফারুক, ববিতা ও গোলাম মুস্তাফা।

দুপুর ১টা ২০ মিনিটে রয়েছে তানহা তাসনিয়ার উপস্থাপনায় ‘শুধু সিনেমার গান’। অনুষ্ঠানটি সাজানো হয়েছে সালমান শাহ অভিনীত চলচ্চিত্রের জনপ্রিয় গান দিয়ে। এর মধ্যে রয়েছে কেয়ামত থেকে কেয়ামত, অন্তরে অন্তরে, স্নেহ, দেনমোহর, তোমাকে চাই, স্বপ্নের ঠিকানা, স্বপ্নের পৃথিবী, বিক্ষোভ, স্বপ্নের নায়ক, আনন্দ অশ্রু, মায়ের অধিকার, সত্যের মৃত্যু নেই ছবির গান।

রাত ৮টায় প্রচার হবে সালমান শাহ স্পেশাল ‘গোল্ডেন সং’, গান গাইবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রাজীব।