বিশ্বব্যাপী পরিবেশ সমস্যা ও তার বিরূপ প্রভাব ক্রমশ প্রকট আকার ধারণ করায় সমগ্র মানবজাতি এখন শঙ্কিত। উন্নত বিশ্বে এসব সমস্যা উন্নয়নশীল দেশের সমস্যার তুলনায় ভিন্নতর এবং ভিন্নমাত্রার। সমস্যার এই ভিন্নতা থাকা সত্ত্বেও সমগ্র মানবজাতির অস্তিত্বের প্রতিই পরিবেশ সমস্যা হুমকি স্বরূপ। পাঁচ দশক আগে তোলা পরিবেশ বিজ্ঞানীদের আশঙ্কাই সত্যে পরিণত হচ্ছে। ৬০ দশকের শেষভাগে সুইডেনের স্টকহোমে আয়োজিত পরিবেশ বিজ্ঞানীদের প্রথম সম্মেলনে ওঠা উদ্বেগকে সত্যে পরিণত করতেই যেন উষ্ণায়নের প্রভাবে বিশ্বব্যাপী বাড়ছে ঝড়-জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক বিপর্যয়, উপকূলীয় নিম্নভূমি তলিয়ে যাচ্ছে সাগরে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ ও বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো। জলবায়ু পরিবর্তনের শিকার সবচেয়ে বেশি হচ্ছে উন্নয়নশীল দেশগুলো। আর এই ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। বিশ্বের উন্নয়নশীল দেশগুলো বরাবরই পরিবেশদূষণের জন্য উন্নয়নশীল দেশের জনসংখ্যাবৃদ্ধিসহ অপরিকল্পিত কলকারখানার কথা বলে আসছে। তবে প্রশ্ন ওঠে, উন্নয়নশীল দেশগুলো জলবায়ু পরিবর্তনের জন্য আসলে কতটুকু দায়ী?
বিজ্ঞানীরা দেখিয়েছেন যে, বাতাসে যদি এক-শতাংশ ওজোন কমে যায় তাহলে, ২০৭৫ সালের আগে যারা জন্মাবে, তাদের ৩০ লাখ থেকে ১.৫ কোটি মানুষের চামড়ায় ক্যানসার দেখা দেবে, ৫ লাখ থেকে ২৮ লাখ মানুষের চোখে নতুন করে ছানি পড়বে। এই ওজোন স্তরঘটিত সমস্যা বর্তমানে বিজ্ঞানীদের ভাবিয়ে তুলেছে। ১৯৩১ সালে ক্লোরোফ্লুরো কার্বন আবিষ্কারের পর থেকে এর ব্যাপক ব্যবহার এবং আধুনিক ইলেকট্রনিক শিল্পে এর চাহিদা বেড়েছে। ১৯৮৬ সালের এক সমীক্ষায় দেখা যায়, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের উৎপাদন সমগ্র বিশ্বের উৎপাদনের ৭০ শতাংশ এবং ব্যবহারের ৫০ শতাংশ। এর ফলে পৃথিবীর দক্ষিণ মেরু প্রদেশের ওজোন স্তরে ছিদ্রের সৃষ্টি হয়েছে। তবে আশার কথা, ক্লোরোফ্লুরো কার্বনের বিকল্প রাসায়নিকের উৎপাদন শুরু হয়েছে।
অন্যদিকে, বর্তমান শিল্প সভ্যতার সবচেয়ে বড় সংকট হিসেবে দেখা দিয়েছে শিল্পে ব্যবহৃত বর্জ্য পদার্থ। কোথায় ফেলা হবে এই বর্জ্য? যেখানেই ফেলা হোক না কেন, তার থেকে দূষণ ছড়াবেই। বিপজ্জনক রাসায়নিক বর্জ্য সৃষ্টি হয় জৈব রাসায়নিক শিল্পে। ১৯৩০ সালে যেখানে এমন বর্জ্যরে উৎপাদন ছিল ১০ লাখ টন, ১৯৯০ সালে তা বেড়ে হয়েছে ৫০ কোটি টন। এরপর প্রতিনিয়তই উৎপাদন বেড়ে চলেছে। এসব বর্জ্য জমা হচ্ছে হ্রদে, পুকুরে, নদীতে, সাগরে। মানুষ এ যাবৎ ৭০ লাখ রাসায়নিক তৈরি করেছে। প্রতি বছর কয়েক হাজার নতুন রাসায়নিক আসছে। এদের মধ্যে ৮০০০ রাসায়নিক বিপজ্জনক। ১৯৯২ সালে ২৩০ কোটি গ্যালন শিল্পজাত বর্জ্যপদার্থ সাগরে ফেলা হয়। নিউইয়র্কের বর্জ্য ফেলার স্থান স্টটেন দ্বীপ, সেখানে প্রতিদিন ২২,০০০ টন বর্জ্য জমা হচ্ছে। আমেরিকার শিল্প খাত থেকে প্রতি বছর ৫৬ কোটি টন মারাত্মক ক্ষতিকারক বর্জ্য সৃষ্টি হচ্ছে। এই বর্জ্য পদার্থের মধ্যে অতিমাত্রায় ক্ষতিকারক হলো পারমাণবিক বর্জ্য। এ নিয়ে মানুষ কী করবে, জানেন না বিজ্ঞানীরা। পারমাণবিক চুল্লির জ্বালানি হলো ইউরেনিয়াম। এই পদার্থটিকে যখন খনি থেকে তোলা হয় তখন রেডন নামে এক তেজস্ক্রিয় গ্যাস বিকিরণ করেযা শ্রমিকদের ফুসফুসে ক্যানসার সৃষ্টি করে। এবং ইউরেনিয়ামকে জ্বালানি দ-ের মাধ্যমে আণবিক চুল্লিতে প্রবেশ করানোর পর ভাঙন প্রক্রিয়ায় বিপুল তাপশক্তি ও অসংখ্য বর্জ্য পদার্থের সৃষ্টি হয়।
ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে ১৯৯২ সালে যে সম্মেলন হয়েছিল পরিবেশ বিষয়েতাতে আবহাওয়া নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয় এবং সর্বশেষ জাপানের কিয়োটা শহরের সম্মেলনে চুক্তি হয়। চুক্তিতে ২০১২ সালের মধ্যে বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ কমিয়ে ফেলার কথা থাকলেও তা সম্ভব হয়নি। এদিকে আমেরিকা ওই চুক্তিতে সই করেনি। বায়ুদূষণের জন্য বিজ্ঞানীরা কার্বন-ডাই-অক্সাইড, সালফার-ডাই-অক্সাইড, নাইট্রোজেন-ডাই-অক্সাইড, মিথেন প্রভৃতিকে দায়ী করেন। বিভিন্ন খনিজ জ্বালানি যেমন কয়লা, পেট্রল, ডিজেল, প্রাকৃতিক গ্যাস পোড়ালে বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে যায়। হিসাব অনুযায়ী, বিগত একশ’ বছরে বাতাসে ২৫ শতাংশ কার্বন-ডাই-অক্সাইড বেড়েছে। তাপবিদ্যুৎ উৎপাদনের সময় প্রচুর সালফার-ডাই-অক্সাইড বাতাসে মেশে। সালফার-ডাই-অক্সাইড বাতাসে থাকা অক্সিজেন ও জলীয় বাষ্পের সঙ্গে মিশে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। এ দুই প্রকার অ্যাসিড বৃষ্টির সঙ্গে মাটিতে নেমে আসে। অ্যাসিড বৃষ্টির ফলে মাটির উর্বরা শক্তি হ্রাস পায়, উদ্ভিদের বৃদ্ধি ক্ষতিগ্রস্ত হয়, পানির উৎসগুলো দূষিত হয়ে পড়ে। বায়ুদূষণের ফলে পৃথিবীর উষ্ণতা বাড়ে। বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, বায়ুদূষণের পরিমাণ না কমালে ২০৪০ সাল নাগাদ পৃথিবীর উষ্ণতা ৫০ ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে যাবে। তাতে মেরু অঞ্চলে বরফ গলবে, হিমবাহগুলো গলতে শুরু করবে, সমুদ্রে পানির স্তর ২-৩ ফুট বেড়ে যাবে। সমুদ্র উপকূলের শহরগুলো ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দেবে। এমনকি আমেরিকার মায়ামি, ফ্লোরিডার মতো শহরও ডুবে যাবে। পরিবেশকে দূষণমুক্ত রাখার চেষ্টা শুধু বৈজ্ঞানিকদের বা পরিবেশ সচেতন ব্যক্তিদের উদ্বিগ্ন হলে চলবে না। এ ব্যাপারে সবার সচেতন হতে হবে। বিশ্বের তাপমাত্রা কমানোর জন্য কত বিস্তর কথাবার্তা শোনা গেল, কত নথিপত্র, দলিল-দস্তাবেজ, কত প্রতিশ্রুতি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাপমাত্রা বেড়েই চলেছে।
এই পরিস্থিতির কারণেই কোনো কোনো দেশে এখন অকালে প্রবল বর্ষণ হচ্ছে। কোথাও বন্যা-প্লাবন, কোথাও অনাবৃষ্টি। গত বছর বড় ধরনের দাবানলে দগ্ধ হয়েছে ক্যালিফোর্নিয়া এবং ইন্দোনেশিয়া। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে জাপান পর্যন্ত ভেসে গেছে বন্যায়। আর এর সবকিছুর জন্যই মূর্খের মতো আমরা ‘এল নিনো’কে দায়ী করছি। এল নিনোর ভূমিকা আছে বটে, তবে তা সামান্য। মূলত দায়ী গ্রিনহাউস গ্যাসের প্রভাব। প্রহসন এই যে, গ্রিনহাউস গ্যাস কমানোর ব্যাপারে আমাদের মতো গরিব দেশগুলোর ভূমিকা যৎসামান্য। গ্রিনহাউস গ্যাসকে আদৌ নিয়ন্ত্রণ করা যাবে কি-না আবার গেলেও কতখানি যাবে তা সম্পূর্ণ নির্ভর করছে কতিপয় ধনী দেশের ওপরই। অথচ মজার ব্যাপার হলো, তারাই আবার তৃতীয় বিশ্বের দেশে দেশে বিভিন্ন বাণিজ্য চুক্তি করার সময় ‘শ্রমের মানদ-’ বা ‘পরিবেশ রক্ষা’র বিষয়টিকে শর্তযুক্ত করে দেন। দেখা গেছে, আফ্রিকার গরিব দেশগুলোতে পরিবেশদূষণের মাত্রা খুবই কম অথচ মেক্সিকো বা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো সর্বোচ্চ পরিবেশদূষণকারী রাষ্ট্র যখন তাদের সঙ্গে চুক্তি করে, তখন তারাই আবার ওই দেশগুলোকে পরিবেশ বহাল রাখার সবক দেয়। পরিবেশদূষণের জন্য যারা সবচেয়ে বেশি দায়ী; দেখা যাচ্ছে, পরিবেশের জন্য তাদেরই মায়াকান্না সবচেয়ে বেশি। এরই নাম পুঁজিতান্ত্রিক সভ্যতা। যার লক্ষ্য, শুধু সারা দুনিয়ার ওপর আধিপত্য প্রতিষ্ঠা নয়, বরং মুনাফাবাজ কোম্পানিগুলোকেও চিরস্থায়ী বন্দোবস্ত করে দেওয়া, যাতে কেয়ামতের আগ পর্যন্ত তারা গরিব দেশগুলোকে শুষে খেতে পারে।
যদি আমরা শিল্পোন্নত বিশ্বের পরিবেশ বিধ্বংসী ব্যবস্থা বহাল রাখি এবং পরিবেশ ব্যবস্থাপনার বিষয়ে যৌক্তিক সংস্কারের প্রশ্নগুলোকে আড়াল করতে থাকি আর গরিব বিশ্বের জনগণের ওপর সব দায় চাপিয়ে দিতে থাকি, তাহলে পৃথিবীর তাপমাত্রা কমানো যাবে না। পরিবেশদূষণ পৃথিবীর সব দেশেরই একটি অভিন্ন সমস্যা। দূষণরোধে বিভিন্ন ধরনের সম্মেলন, সেমিনার, চুক্তি হচ্ছে। বিজ্ঞানীরা পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের কথা বলছেন। কিন্তু সেসব না হলে পৃথিবী থেকে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়াটাও অসম্ভব কিছু নয়। আজকে যে বিশ্ব মানচিত্রের প্রত্যন্ত কোণ ঢাকায় ৩৮ ডিগ্রি তাপমাত্রায় আমরা নাগরিকরা হাঁসফাঁস করছি কিংবা সুদূর চুয়াডাঙ্গার যে অধিবাসী কোনো পরিবেশ-পাপ না করেও হিটস্ট্রোকে বেহাল হয়ে পড়ছেন তার জন্য তিনি নিজে দায়ী নন। গ্রিন হাউজ গ্যাসকে কেন্দ্র করে পরিবেশপাপী প্রথম বিশ্বের সঙ্গে প্রাণ ও পরিবেশ কম বিনষ্টকারী তৃতীয় বিশ্বের এখানেই প্রবল রকম একটি রাজনৈতিক বিরোধ রয়েছে। উন্নত দেশ বলে পরিচিত দেশগুলো কেবল বিষাক্ত গ্যাস ছড়ায় আর আমরা তা শুষে নিই।
বিশ্বব্যাপী পানি ও জ্বালানির ওপর দখল প্রতিষ্ঠার জন্য যে মরণপণ লড়াই চলছে সেই লড়াইয়ে শিল্পোন্নত দেশগুলোর বিরুদ্ধে জয়ী হতে উন্নয়নশীল দেশগুলোর প্রস্তুতি কী? ধনী দেশগুলোর বরাতে পরিবেশ বিষয়ে সবচেয়ে বড় ক্ষতির শিকার আমরা তৃতীয় বিশ্বের গরিব দেশগুলো। এ অবস্থায় উন্নয়নশীল দেশগুলোর সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে বিশেষ পরিবর্তনে সংগ্রাম এগিয়ে নিয়ে শিল্পোন্নত মুনাফাবাজ বিশ্বব্যবস্থার মূলে আঘাত করতে না পারলে এ পৃথিবীর পরিবেশ ও প্রকৃতি রক্ষা করা সম্ভব নয়।
লেখক গবেষক ও কলামনিস্ট
raihan567@yahoo.com