নির্মাণের ২২ দিনের মাথায় ধসে পড়ল কালভার্ট!

দিনাজপুরে ঠিকাদারের দায়িত্বে অবহেলা এবং জাতীয় গৃহায়ন কর্র্তৃপক্ষের তদারকির অভাবে ঢালাইয়ের ২২ দিনের মাথায় ধসে পড়েছে একটি কালভার্ট। গত বৃহস্পতিবার ভোরে দিনাজপুর পৌরসভার উপশহর ৭ নম্বর ব্লকে নির্মাণাধীন ওই কালভার্টটি ধসে পড়ে। ধসে পড়া কালভার্টটি ভেঙে নতুন করে নির্মাণকাজ শুরু করেছে ঠিকাদার।

এদিকে জনবলের অভাবে ওই কালভার্ট নির্মাণকাজের সঠিক তদারকি করা সম্ভব হয়নি বলে স্বীকার করেছেন জাতীয় গৃহায়ন কর্র্তৃপক্ষের সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী।

জাতীয় গৃহায়ন কর্র্তৃপক্ষের দিনাজপুর কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কালভার্টটি নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হলে ১ লাখ ৫০ হাজার টাকায় সর্বনিম্ন দরদাতা হিসেবে নওগাঁর মেসার্স বন্ধুরা হাউজ বিল্ডার্স কাজটি পায়। পরে কাজটি সাব-ঠিকাদার হিসেবে দিনাজপুর শহরের উপশহর এলাকার ঠিকাদার মো. রবিউল ইসলাম কিনে নেন।

স্থানীয়রা জানান, কালভার্টটি নির্মাণের সময় সাব-ঠিকাদার রবিউল ইসলাম প্রথম থেকেই ভালোভাবে কাজ করেননি। পুরনো রড দিয়ে কাজটি করতে চেয়েছিলেন। পরে জাতীয় গৃহায়ন কর্র্তৃপক্ষের প্রকৌশলী মোরশেদ আলমকে বিষয়টি জানালে তিনি এসে পুরনো রড বাদ দিয়ে নতুন রড দিয়ে নির্মাণকাজ করতে ঠিকাদারকে বাধ্য করান। প্রথম থেকে কাজটিতে অনিয়ম হয়ে আসছিল। সাব-ঠিকাদার রবিউল স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত। তাই তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস দেখায়নি।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে কালভার্টটির ওপর দিয়ে একটি ১০ চাকার মালবোঝাই ট্রাক যায়। এরপর কালভার্টের মাঝখানের পুরো অংশ ধসে পড়ে যায়।

এ ব্যাপারে জানতে চাইলে সাব-ঠিকাদার রবিউল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘ঢালাইয়ের শাটারিংয়ের কাঠগুলো চুরি হয়ে গেছে। এ ছাড়া ভারী যানবাহন চলাচলের কারণে কালভার্টটি ভেঙে গেছে। ধসে পড়া কালভার্টটি আবার নির্মাণ করে দেওয়া হবে।’

এ প্রসঙ্গে জাতীয় গৃহায়ন কর্র্তৃপক্ষের দিনাজপুর ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোরশেদ মাহমুদ চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, ‘গত ১২ আগস্ট কালভার্টটির ঢালাই দেওয়া হয়। নিয়ম অনুয়ায়ী ঢালাইয়ের ২৮ দিন পর্যন্ত শাটারিং খোলা যাবে না। কিন্তু ঠিকাদার রবিউল অফিসকে অবগত না করে আগেই শাটারিং খুলে ফেলে। আবার যানবাহন চলাচল বন্ধ রাখার জন্য কালভার্টটির দুই পাশে ব্যারিকেডও দেয়নি ঠিকাদার। আমাদের জনবল সংকটের কারণে আমরাও শাটারিংয়ের বিষয়টি মনিটরিং করতে পারিনি। স্থানীয়দের কাছে জানতে পারি, মালবাহী ১০ চাকার একটি লোড ট্রাক কালভার্টটির ওপর দিয়ে গেলে কালভার্টের মাঝখানে ঢালাই ধসে পড়ে যায়। এ বিষয়ে ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’