বাবা-মায়ের কবরের পাশে শায়িত এমপি স্বপন

শাহজাদপুরে বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক শিল্প উপমন্ত্রী হাসিবুর রহমান স্বপন এমপি। গতকাল শুক্রবার সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি মডেল পাইলট হাইস্কুল মাঠে বাদ জুমা জানাজা শেষে তাকে দাফন করা হয়। তিনি সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

গতকাল দলীয় কার্যালয়ে ও শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের মরদেহে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংগঠনের পক্ষ থেকে তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জানানো হয়। এরপর জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় তার কর্মময় জীবন ও তার আত্মার মাগফিরাত কামনা করে ভার্চুয়াল বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে হাসিবুর রহমান স্বপনের মরদেহ সামরিক হেলিকপ্টারযোগে পাবনা জেলার বেড়া উপজেলার খালেকুজ্জামান স্টেডিয়ামে অবতরণ করেন। সেখান থেকে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে মরদেহ শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুরের তার নিজ বাসভবনে নেওয়া হয়। সেখানে কিছুক্ষণ রাখার পর পাঠানপাড়ার পৈতৃক বাড়িতে নেওয়া হয়। সেখানে তার পরিবারের লোকজন ও আত্মীয়স্বজন তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান। এমপি হাসিবুর রহমান স্বপন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। এক মেয়াদে তিনি শিল্প উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। অমৃত্যু তিনি শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। শাহজাদপুর উপজেলার মাটি ও মানুষের এই জননেতার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।