ফিলিস্তিন নিয়ে কৌশল ঠিক করছে বাংলাদেশ

ত্রিদেশীয় আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে বৃহস্পতিবার স্বাগতিক কিরগিজস্তান ১-০ গোলে হারিয়েছে ফিলিস্তিনকে। হারলেও স্বাগতিকদের ঘাম ছুটিয়ে দিয়েছে ফিলিস্তিনিরা। কাল এই ফিলিস্তিনের বিপক্ষেই প্রথম ম্যাচ বাংলাদেশের। ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ (১৮৮তম) থেকে অনেক এগিয়ে ফিলিস্তিন (১০২তম)।

কিরগিজ রাজধানী বিশকেকের স্পোর্টস সিটি ফিল্ডে গতকালের অনুশীলনে তাই ফিলিস্তিন ম্যাচের পরিকল্পনা নিয়ে কাজ হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাঠানো ভিডিও বার্তায় সাদউদ্দিন জানালেন প্রতিপক্ষ সম্পর্কে ধারণা পাওয়ার কথা। চোট কাটিয়ে জাতীয় দলে ফেরা আবাহনীর এই ফরোয়ার্ড ‘ভালো ম্যাচ উপহার’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ‘আমাদের ম্যাচ প্রস্তুতি ভালো। সবাই সুস্থ আছে। ৫ তারিখ (রবিবার) প্রথম ম্যাচ ফিলিস্তিনের বিপক্ষে। আমরা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করছি। প্রথম ম্যাচ নিয়ে যেভাবে কাজ করার দরকার, কোচ সেভাবে কাজ করছেন’ জানিয়েছেন সাদ। সঙ্গে যোগ করেছেন, ‘ফিলিস্তিন আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী দল। র‌্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে। গতকালের ম্যাচে ওদের শক্তিশালী ও দুর্বল দিকগুলো খুঁজে বের করেছেন কোচ। এগুলো নিয়ে আজ কাজ করেছি, কালও (পড়ুন আজ) করব। আশা করি, ভালো একটা ম্যাচ উপহার দিতে পারব আমরা।’

বিশ্বকাপ বাছাইয়ের ‘কাতার পর্বে’ আফগানিস্তানের বিপক্ষে চোট পেয়ে বাছাইয়ের পুরোটা খেলতে পারেননি সোহেল রানা। দলে ফেরা এই মিডফিল্ডারও জানালেন ভালো খেলে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি সেরে নেওয়ার লক্ষ্যের কথা, ‘সকালের অনুশীলনে কোচ আমাদের ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের ট্যাকটিক্যাল বিষয়, কীভাবে খেলতে হবে, এসব বিষয় নিয়ে কাজ করেছেন। বিকেলে জিম ও সুইমিং সেশন হয়েছে। ফিলিস্তিনের ম্যাচ দেখেছি। কোচ ওদের শক্তি ও দুর্বলতা নিয়ে কাজ করছেন। আশা করি, ফিলিস্তিনের বিপক্ষে ভালো একটা ফল আনতে পারব আমরা। এটা আমাদের সাফের জন্য খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। আশা করি, এ ম্যাচগুলো খেলে যেন আমরা সাফের জন্য ভালো প্রস্তুতি নিতে পারি।’

আগামী অক্টোবরের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল সামনে রেখে কিরগিজস্তানে তিন জাতি আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলছে বাংলাদেশ। তিন জাতি টুর্নামেন্ট হলেও দল চারটি। প্রতিযোগিতার অপর দল হলো কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দল।