রোমাঞ্চকর লড়াইয়ে বৃহস্পতিবার প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে ১৪ রানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। সেই সঙ্গে হারিয়েছে অধিনায়ক টেম্বা বাভুমাকে। আঙুলের ইনজুরির কারণে সফরের শুরুতেই ছিটকে গেছেন প্রোটিয়া অধিনায়ক। তার জায়গায় সিরিজের বাকি দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন স্পিনার কেশব মহারাজ। মোট ১২টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা নিয়েই নেতৃত্ব দেবেন তিনি। আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামেই হবে দ্বিতীয় ওয়ানডে।
বৃহস্পতিবার আগে ব্যাট করে স্বাগতিকরা নির্ধারিত ওভারে ৯ উইকেটে করে ৩০০ রান। ১৩ ম্যাচ পর ওয়ানডেতে তিনশো করল শ্রীলঙ্কা। সর্বশেষ গত বছর ফেব্রুয়ারিতে হাম্বানটোটায় উইন্ডিজের বিপক্ষে তিনশো ছাড়ানো ইনিংস খেলেছিল লঙ্কানরা (৩৪৫/৮)। সে ম্যাচে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করা ওপেনার আভিষ্কা ফার্নান্দোর সেঞ্চুরিতেই প্রোটিয়াদের বিপক্ষে বড় স্কোর গড়ে শ্রীলঙ্কা। জবাবে ৬ উইকেটে ২৮৬ রানে থামে দক্ষিণ আফ্রিকা।