পানশিরের নিয়ন্ত্রণ নিয়ে পাল্টাপাল্টি দাবি

আফগানিস্তানের সবচেয়ে ছোট প্রদেশ পানশিরের দখল নিয়ে পাল্টাপাল্টি দাবি করছে তালেবান ও প্রতিরোধ যোদ্ধাদের সংগঠন ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট। রাজধানী কাবুলের উত্তরে হিন্দুকুশ পর্বতমালায় অবস্থিত পানশিরে গত শুক্রবার রাতে তুমুল গোলাগুলির শব্দ শোনা গেছে। তালেবানের তিনটি সূত্র থেকে পানশির উপত্যকা দখলের দাবি করা হয়েছে। তবে তাদের এ দাবির বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রয়টার্সকে তালেবানের একজন কমান্ডার বলেছেন, ‘আফগানিস্তান এখন পুরোপুরি আমাদের দখলে। বিশৃঙ্খলাকারীরা পরাজিত হয়েছে এবং পানশির এখন আমাদের নিয়ন্ত্রণে।’ তালেবানের জয়ের দাবি উড়িয়ে দিয়ে পানশিরের তালেবানবিরোধী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের (এনআরএফ) মুখপাত্র আলী নাজারি বলেছেন, ‘প্রকৃতপক্ষে’ তালেবানকে পিছু হটিয়ে দেওয়া হয়েছে।

বিবিসির একজন সাংবাদিক টুইটারে একটি ভিডিও পোস্ট করে সেটা সালেহর পাঠানো বলে জানিয়েছেন। ওই ভিডিওতে বলা হয়, ‘আমরা কঠিন পরিস্থিতির মধ্যে আছি এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা তালেবানের হামলার মুখে আছি...আমরা মাটি কামড়ে আছি, আমরা প্রতিরোধ করছি। প্রতিরোধ গড়ে তোলা হয়েছে এবং তা চলতে থাকবে। মাতৃভূমির সম্মান ও মর্যাদা রক্ষায় আমি এখানে আমার মাটিতেই আছি।’