সাভারের আশুলিয়ায় ছাঁটাইকৃত ৮৪ শ্রমিককে চাকরিতে পুনর্বহালসহ সাত দফা দাবিতে কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন পোশাক শ্রমিকরা।
শনিবার সকালে ‘এনার্জি প্যাক লি. শ্রমিকবৃন্দ’র ব্যানারে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় কারখানার মূল ফটকের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।
অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া শ্রমিকরা জানায়, গত ৫ আগস্ট ইনক্রিমেন্ট ওভারটাইম এবং হাজিরা বোনাসের দাবিতে কারখানার ভেতরেই আন্দোলন করে শ্রমিকরা। পরে কারখানা কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে আন্দোলনকারী ৮৪ জন শ্রমিককে মৌখিকভাবে ছাঁটাই করে। ছাঁটাই শ্রমিকরা কমপক্ষে ১০ থেকে ১২ বছর ধরে সেখানে চাকরি করছে। ছাঁটাই শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবি ছাড়াও সাতটি দাবি নিয়ে আন্দোলনে নেমেছে তারা।
দাবিগুলো হলো- বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান করতে হবে; ওভারটাইম বিল প্রতি মাসেরটা প্রতি মাসে পরিশোধ করতে হবে; যত বকেয়া ওভারটাইম, সাইড বিল, প্রোডাকশন বোনাস সব পরিশোধ করতে হবে; বাৎসরিক ছুটির টাকা ও বকেয়া ছুটির টাকা পরিশোধ করতে হবে; মাসিক প্রোডাকশন বোনাস যথাযথভাবে পরিশোধ করতে হবে; হাজিরা বোনাস প্রদান করতে হবে; কোনো শ্রমিক সাইডে কাজ করলে সাইডের বিল যথাসময়ে করতে হবে।
অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া শ্রমিক শরীফুল হক বলেন, আমরা পুরোনো শ্রমিক। পাঁচ বছরের বেশি সময় ধরে কারখানাটিতে কাজ করছি। বর্তমানে আমার বেতন আট হাজার টাকা আর যারা নতুন শ্রমিক তাদের বেতনও আট হাজার টাকা। তাহলে কারখানায় আমাদের এত কষ্ট করে লাভ কি! আমরা পুরোনো হিসেবে তো ইনক্রিমেন্ট পাই, এটা আমাদের অধিকার। এ বিষয় নিয়ে গত মাসে কারখানার জেনারেল ম্যানেজারের কাছে কথা বলতে গিয়েছিলাম। তিনি মালিকের সাথে বিষয়টি নিয়ে কথা বলার পর পাওনা পরিশোধ না করেই বেশ কিছু শ্রমিককে ছাঁটাই করে।
জানতে চাইলে এনার্জি প্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের জনপ্রশাসন কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, বিভিন্ন দাবি নিয়ে গত ৫ আগস্ট কারখানার ভেতরে কিছু শ্রমিক আন্দোলন করে। পরে ওই শ্রমিকদের ছুটিতে পাঠানো হয়। তবে তাদের অনেককেই কাজে ফেরার সুযোগ দিচ্ছি। এমন তো না শ্রমিকদের বেতন দেওয়া হবে না। তাদের বেতন পুরোপুরি পরিশোধ করা হবে।