বিমানবন্দরে হেনস্তার শিকার হতে হয় : রুমিন

বিদেশে যাওয়া ও আসার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তার শিকার হতে হয় বলে অভিযোগ করেছেন বিএনপির সংরক্ষিত মহিলা আসনের সাংসদ রুমিন ফারহানা। তিনি বলেছেন, ‘গত সাত-আট বছর ধরে বিদেশ যাওয়ার সময় তাকে দুই থেকে আড়াই ঘণ্টা বিমানবন্দর থানায় আটকে রাখা হয়।’ গতকাল শনিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে এই অভিযোগ করেন রুমিন ফারহানা।

রুমিন বলেন, “সংবিধানের ৩৬ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘জনস্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসংগত বাধানিষেধ সাপেক্ষে বাংলাদেশের সর্বত্র অবাধ চলাফেরা, ইহার যেকোনো স্থানে বসবাস ও বসতি স্থাপন এবং বাংলাদেশ ত্যাগ ও বাংলাদেশে পুনঃপ্রবেশ করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে।”