হাট ইজারার টাকার অংশে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা

দেশের সরকারি হাট-বাজারের ইজারার টাকার অংশে হবে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা। সেই সঙ্গে দুর্যোগে মুক্তিযোদ্ধাদের ঘড়বাড়ি ক্ষতিগ্রস্ত হলেও তা পুনর্নির্মাণে এ খাত থেকে অর্থ দেওয়া হবে। এ লক্ষ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে বিদ্যমান একটি নীতিমালা নতুন করে জারি করা হয়েছে।

সম্প্রতি বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে ২০১৬ সালের ওই নীতিমালায় সংশোধনী এনে সরকারি হাট-বাজারসমূহের ইজারালব্ধ আয়ের ৪ শতাংশ অর্থ ব্যয় নীতিমালা ২০২১ জারি করা হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া স্বাক্ষরিত নীতিমালায় বলা হয়েছে, চিকিৎসা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত খাতেও ইজারা থেকে প্রাপ্ত অংশ ব্যয় করা হবে।

বিদ্যমান বিধান অনুযায়ী, দেশের সরকারি সব হাট-বাজার ইজারার ৪ শতাংশ মুক্তিযোদ্ধাদের কল্যাণে প্রদান করা হয়। সংশোধিত নীতিমালায় সেই টাকাই ব্যয়ের খাত চূড়ান্ত করা হয়েছে।

এতে বলা হয়, মন্ত্রণালয় জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালসহ, মেডিকেল কলেজ ও ২২টি বিশেষায়িত হাসপাতালে বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্রী বা স্বামীকে বিনামূল্যে চিকিৎসা প্রদানের জন্য ৭৫ হাজার টাকা আর্থিক অনুদান করতে পারবে। এই চিকিৎসার ক্ষেত্রে সরকারি হাসপাতালের প্রধান বা তত্ত্বাবধায়ক এবং বিশেষায়িত হাসপাতালের পরিচালক বা অধ্যক্ষ আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

এদিকে আগের নীতিমালায় ইজারার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকে জমা হওয়ার পর মন্ত্রণালয় থেকে সমানুপাতিক হারে জেলা ও উপজেলায় বরাদ্দ দেওয়া হতো। কিন্তু নতুন নীতিমালায় এটি সরাসরি মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করবে। এ ক্ষেত্রে চিকিৎসা অনুদান মন্ত্রণালয় থেকে হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তার অনুকূলে বরাদ্দ দেওয়া হবে। আর ঘর সংস্কারের অনুদান সরকারি মন্ত্রণালয় নিজেই প্রদান করবে।