মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্তের আগে কনডেম সেলে রাখা নিয়ে রিট

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিকে কারাগারের কনডেম সেলে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। গত বৃহস্পতিবার মৃত্যুদণ্ড পাওয়া কনডেম সেলের তিন আসামির পক্ষে এ রিট করেন সুপ্রিমকোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে থাকা সাতকানিয়ার জিল্লুর রহমান, সিলেট কারাগারে থাকা সুনামগঞ্জের আবদুল বশির ও কুমিল্লা কারাগারে থাকা খাগড়াছড়ির শাহ আলম।

এ বিষয়ে গতকাল শনিবার শিশির মনির জানান, তিনজনেরই ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদনের আবেদন) ও আপিল হাইকোর্টে বিচারাধীন রয়েছে।

তিনি জানান, মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিকে কনডেম সেলে আবদ্ধ রাখা কেন আইনগত কর্র্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, এ মর্মে রুলের পাশাপাশি রুল বিচারাধীন অবস্থায় তাদের স্বাভাবিক সেলে স্থানান্তরের আরজি জানানো হয়েছে। আবেদনে দেশের সব কারাগারের কনডেম সেলে থাকা সাজাপ্রাপ্ত আসামিদের রাখার ব্যবস্থাপনা সম্পর্কে কারা মহাপরিদর্শককে হাইকোর্টে প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে। আজ রবিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানান শিশির মনির।