বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

মুক্তিযুদ্ধের সূর্য সন্তান বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫০তম শাহাদাতবার্ষিকী তার জন্মস্থান নড়াইলের নূর মোহাম্মদ নগরে পালিত হয়েছে। গতকাল রবিবার সকাল সোয়া ১০টায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের বসতভিটায় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন নড়াইল জেলা প্রশাসন, নড়াইল জেলা পরিষদ, পুলিশ প্রশাসন, বীরমুক্তিযোদ্ধা, সদর উপজেলা পরিষদ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্ট, আওয়ামী লীগ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক সংগঠন।

নড়াইল জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্টের উদ্যোগে কর্মসূচির মধ্যে ছিল কোরানখানি, র‌্যালি, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার, আলোচনা সভা, দোয়া মাহফিল ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ।

এছাড়া শ্রদ্ধাঞ্জলি শেষে মহান এই বীরের প্রতি সম্মান জানিয়ে পুলিশের একটি চৌকস বাহিনী রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করেন।