পরিচ্ছন্নতাকর্মী ধর্ষণের শিকার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাদাঘাট বাজারের এক পরিচ্ছন্নতাকর্মী নারী (৩৫) ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় আজিজুল ইসলাম ওরফে কালা মিয়া (৪০) ও মো. সাইফুল ইসলাম নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার বাদাঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুই যুবক উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে আজিজুল ইসলাম ওরফে কালা মিয়া ও রফিকুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম। গতকাল রোববার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামে একটি ভাড়া বাসায় তার ছয় বছরের শিশুকে নিয়ে থাকতেন ওই নারী। তিনি স্থানীয় বাজারে পরিচ্ছন্নতার কাজ করেন। গত বৃহস্পতিবার রাতের কোনো একসময় অভিযুক্ত দুই যুবক তাকে ধর্ষণ করে। এ ঘটনায় শনিবার বিকেলে ওই নারী ঘটনায় জড়িত দুই যুবককে আসামি করে থানায় ধর্ষণের মামলা করেন।

তাহিরপুর থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।