সেনাবাহিনী মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা সমাপ্ত

বাংলাদেশ সেনাবাহিনী মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা-২০২১-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল রবিবার যশোর সেনানিবাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ প্রতিযোগিতায় বিভিন্ন ফরমেশন থেকে ১৪টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ৫৫ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং ২৪ পদাতিক ডিভিশন রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় ৫৫ পদাতিক ডিভিশনের সার্জেন্ট আবদুর রহিম শ্রেষ্ঠ মুষ্টিযোদ্ধা এবং এনসি (ই) সৌমিক আহমেদ শ্রেষ্ঠ নবীন মুষ্টিযোদ্ধা নির্বাচিত হন। এ প্রতিযোগিতা গত ২৮ আগস্ট শুরু হয়। এ সময় সব দলের খেলোয়াড় ছাড়াও যশোর সেনানিবাসের অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার এবং অন্যান্য পদবির সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।