উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শরীয়তপুরের পদ্মা নদীর পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পানি ঢুকতে শুরু করেছে জেলার নিম্নাঞ্চলে। বিপাকে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা।
সোমবার জেলা পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার (পানি পরিমাপক) শিল্পী মোবাইল ফোনে জানান, সকাল ১০টার দিকে পদ্মানদীর পানি বিপৎসীমার ৬১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে দুপুর ১২টা থেকে পানি ২৫ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, পদ্মায় পানি বাড়তে থাকায় নদী তীরবর্তী জাজিরা উপজেলার পূর্বনাওডোবা, পালেরচর, বিলাশপুর, জাজিরা, কুন্ডেরচর ইউনিয়ন ও নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে পানি ঢুকছে ও ভাঙন অব্যাহত আছে।
গতকাল রোববার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জাজিরা উপজেলা প্রশাসনের আয়োজনে কুন্ডেরচর ইউনিয়নের ভাঙন কবলিত ১৪২ পরিবারের মাঝে ২০ কেজি করে চাল ও দুই হাজার টাকার চেক বিতরণ করেন শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) পারভেজ হাসান।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব বলেন, পদ্মার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী তীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ করছে। এ ছাড়া ভাঙন রোধে জিওব্যাগ ও জিওটিউব ফেলা অব্যাহত আছে।