সাবেক আফগান বাহিনীগুলোকে যোগদানের আহবান তালেবানের

আফগানিস্তানের সাবেক বাহিনীগুলোর সদস্যদেরকে নতুন শাসনের সঙ্গে একীভূত হওয়ার আহ্বান জানিয়েছে তালেবানরা।

রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, গত ২০ বছরে প্রশিক্ষণপ্রাপ্ত আফগান বাহিনীগুলোকে তালেবান সদস্যদের সঙ্গে রাষ্ট্রীয় নিরাপত্তা বিভাগে আবারও যোগ দিতে বলা হবে।

তালেবান মুখপাত্র আরও বলেন, তাদের শাসনের বিরুদ্ধে যে কোনো বিদ্রোহ ‘কঠোর আঘাত’ পাবে।

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সোমবার জানিয়েছেন, শিগগিরই নতুন আফগান সরকার ঘোষণা করা হবে, তবে কবে করা হবে তা নির্দিষ্ট করে বলেননি তিনি।

জাবিউল্লাহ মুজাহিদ সোমবার কাবুলে এক সংবাদ সম্মেলনে বলেন, তালেবানদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা বাহিনীর শেষ আস্তানা পাঞ্জশির দখল করার মধ্য দিয়ে তালেবানরা পুরো দেশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

তিনি বলেন, ‘আফগানিস্তানে যুদ্ধ শেষ হয়েছে, এখন আমরা এই দেশ পুনর্গঠনে একসঙ্গে কাজ করব। আগামী কয়েক দিনের মধ্যে একটি নতুন সরকার ঘোষণা করা হবে’।

তবে তালেবানের এই দাবির পর পাঞ্জশিরের ন্যাশনাল রেসিস্ট্যান্স ফ্রন্ট (এনআরএফ) উপত্যকায় যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

এনআরএফ বলছে, তারা পাঞ্জশিরে কৌশলগত অবস্থানে রয়েছে। তালেবানের বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত থাকবে।

এনআরএফ তাদের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে টুইটে জানিয়েছে, সুপরিচিত আফগান সাংবাদিক ও তাদের মুখপাত্র ফাহিম দাশতি এবং জেনারেল আবদুল ওয়াদুদ জারা সর্বশেষ লড়াইয়ে প্রাণ হারিয়েছেন।

জেনারেল জারা এনআরএফ প্রধান আহমেদ মাসুদের ভাতিজা। আহমেদ মাসুদ তালেবান বিরোধীদের নেতৃত্ব দিচ্ছেন।

আহমেদ মাসুদ বলেছেন, তিনি শান্তি আলোচনার জন্য প্রস্তুত। আহমেদ মাসউদ বলেন, তিনি আলোচনার মাধ্যমে নিষ্পত্তির জন্য ধর্মীয় আলেমদের একটি প্রস্তাবকে সমর্থন করেছেন এবং তালেবানদেরকে তাদের আক্রমণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

ফেসবুকের একটি পোস্টে মাসুদ বলেন, তালেবানরা যদি তাদের হামলা বন্ধ করে তাহলে আফগান নিরাপত্তা বাহিনীর সাবেক সদস্য এবং স্থানীয় মিলিশিয়াদের সমন্বয়ে গড়ে ওঠা এনআরএফও যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত আছে।