আফগান তালেবানের সঙ্গে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আদর্শিক অভিভাবক হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস এর তুলনা করে মন্তব্য করে শিব সেনা ও বিজেপির তোপের মুখে পড়েছেন ভারতীয় গীতিকার ও রাজ্যসভার সাবেক সংসদ সদস্য জাভেদ আখতার। খবর: বিবিসি।
শুক্রবার ভারতীয় টিভি চ্যানেল এনডিটিভির একটি অনুষ্ঠানে তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসকে তালেবানের সঙ্গে তুলনা করেন।
ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতারা তার এই বক্তব্যের বিরোধিতা করে বলেছেন, তার উচিত করজোড়ে ক্ষমা প্রার্থনা করা।
টুইটারে দেয়া এক বিবৃতিতে বিজেপি নেতা রাম কদম বলেছেন, ‘জাভেদ আখতার যদি করজোড়ে সংঘ এবং বিশ্ব হিন্দু পরিষদের কোটি সদস্যের কাছে ক্ষমা প্রার্থনা না করেন, তাহলে তার এবং তার পরিবারের কোন সদস্যের চলচ্চিত্র মহারাষ্ট্রে চলতে দেয়া হবে না’।
মহারাষ্ট্রের বিধানসভার সদস্য রাম কদম বলেছেন, '’ওই বক্তব্য দেয়ার আগে তার ভাবা উচিত ছিল যে, এই সংঘ পরিবারের সদস্যরাই এখন এই দেশের রাজনীতি পরিচালনা করে। তারা রাজ ধর্ম অনুসরণ করে। যদি (আমাদের) তালেবানের মতাদর্শ থাকতো, তাহলে কি তারা এই ধরনের বক্তব্য দিতে পারতো? এ থেকেই স্পষ্ট হয়ে যায় যে, তার বক্তব্য কতটা ফাঁপা’।
তিনি আরও জানিয়েছেন, জাভেদ আখতারের বিরুদ্ধে পুলিশের কাছেও অভিযোগ করা হবে।
প্রায় একই সময়ে নিজেকে বিজেপির মহারাষ্ট্র শাখার একজন আইন পরামর্শক হিসাবে পরিচয় দানকারী আশুতোষ দুবে, মুম্বাই পুলিশের কাছে জাভেদ আখতারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
আশুতোষ দুবে টুইটারে লিখেছেন, তালেবানের সঙ্গে আরএসএসকে তুলনা করায় সংশ্লিষ্ট থানায় তিনি জাভেদ আখতারের বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছেন।
শিব সেনা ঘোষণা করেছে যে, জাভেদ আখতার এই তুলনা করার ক্ষেত্রে ‘সম্পূর্ণ ভুল’ ছিলেন।
দলীয় মুখপত্র সামনা-র একটি সম্পাদকীয়তে শিব সেনা উল্লেখ করেছে যে, আরএসএস, উদাহরণস্বরূপ, ‘গরুর মাংস’ ইস্যুর সঙ্গে যুক্ত ধর্মীয় উন্মাদনাকে সমর্থন করেনি, এবং এখানে ‘হিন্দুত্বের নামে কোন উন্মাদনা গ্রহণ করা হয় না ... শিবসেনা বা আরএসএস এটা সমর্থন করে না।
‘আমরা হিন্দুত্বের নামে পাগলামি মেনে নেব না। আপনি কীভাবে বলতে পারলেন যারা ‘হিন্দু রাষ্ট্র’ ধারণার পক্ষপাতী তারা তালেবান মানসিকতার? আমরা এর সাথে একমত নই।
জাভেদ আখতার যা বলেছেন
রাজ্যসভার সাবেক সংসদ সদস্য জাভেদ আখতার শুক্রবার এনডিটিভির একটি অনুষ্ঠানে অংশ নেন।
সেখানে তিনি বলেন, ‘তালেবান যেমন একটি ইসলামিক দেশ বানাতে চায়, তেমনি অনেকে আছে যারা হিন্দু জাতি গঠন করতে চায়। এইসব মানুষ আসলে একই মতাদর্শের অনুসারী, তাদের পরিচয় মুসলমান, খৃষ্টান, ইহুদি বা হিন্দু, যাই হোক না কেন’।
‘অবশ্যই তালেবান বর্বর এবং তাদের কর্মকাণ্ড নিন্দাজনক, কিন্তু যারা আরএসএসকে সমর্থন করে, বজরং দল এবং বিজেপিকে- তারা সবাই আসলে একই ধরনের’।
ওই বিতর্কের সময় জাভেদ আখতার আরও বলেন, ভারতীয় মানুষকে বুঝতে পারার পুরো সক্ষমতা তার রয়েছে বলে তিনি মনে করেন। ভারতে বসবাসকারী বেশিরভাগ মানুষ ধৈর্যশীল, ভারত কখনোই একটি তালেবান দেশে পরিণত হবে না।