রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই ১৩৮ জনের নিয়োগ স্থগিত করেছে হাইকোর্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহানের শেষ কার্য দিবসে দেওয়া ১৩৮ জনের নিয়োগ স্থগিত করেছে হাইকোর্ট। সোমবার দুপুরে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। 

একই সঙ্গে উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ব্যবস্থা না নেয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছে আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

ব্যারিস্টার বড়ুয়া বলেন, ২০১৭ সালের শিক্ষক নিয়োগ নীতিমালা স্থগিত এবং দুদককে উপাচার্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ১৪ নভেম্বর আদালতে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ৫ মে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে অস্থায়ী ভিত্তিতে ১৩৮ জনকে নিয়োগ দেন। একই দিন শিক্ষা মন্ত্রণালয় নিয়োগকে অবৈধ ঘোষণা করে তদন্ত কমিটি গঠন করে। পরে তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিলেও কোনো ব্যবস্থা গ্রহণ না করে আবার একটি তদন্ত কমিটি গঠন করা হয়।