গায়িকা হিসেবে পেয়েছেন আকাশছোঁয়া তারকাখ্যাতি। মিউজিক ভিডিওতে মডেল হয়ে অভিনয়ও করেছেন। চলচ্চিত্রে বিশেষ চরিত্রে অভিনয় করতেও দেখা গেছে তাকে। তিনি সাবরিনা এহসান পড়শী। এ সময়ে জনপ্রিয় তারকা সংগীতশিল্পী। এবার জানালেন, সালমান শাহ বেঁচে থাকলে তিনি নায়িকা হওয়ার স্বপ্ন দেখতেন। পরিচালককে অনুরোধ করে হলেও সালমান শাহ’র সাথে সিনেমা করতে চাইতেন।
সালমান শাহ অভিনীত ‘চাওয়া থেকে পাওয়া’ সিনেমার জনপ্রিয় ‘সাথী তুমি আমার জীবনে’ গানটি নতুন করে গেয়েছেন পড়শী। সালমান শাহ’র ২৫তম প্রয়াণ দিবস উপলক্ষে সোমবার এই গান ভিডিও প্রকাশ হয়েছে অনুপম মিউজিকের ব্যানারে।
পড়শী দেশ রূপান্তরকে বলেন, ‘ছোটবেলা থেকেই সালমান শাহ’কে ভীষণ ভালো লাগে। অনেকেই বলে থাকেন যে ক্রাশ, সালমান শাহ আমার ক্রাশ ছিলেন। সালমান শাহ’র সিনেমার গানগুলো আমার ভীষণ প্রিয়। এখন যদি সালমান শাহ বেঁচে থাকতেন তবে পরিচালককে অনুরোধ করে হলেও সালমান শাহ’র নায়িকা হতে চাইতাম।’
নতুন এ গানের প্রকাশনাকে কেন্দ্র করে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলন আয়োজিত হয়। সেখানে গানটি নিয়ে কথা বলেন পড়শী। তিনি জানান সালমান শাহের প্রতি তার ভালোবাসার কথা।
পড়শী বলেন, ‘কয়েক বছর আগে একটি টেলিভিশন অনুষ্ঠানে সালমান শাহ’র সিনেমার কয়েকটি গান গেয়েছিলাম। আর এই গান ভিডিওটি করার পরিকল্পনা হয় কিছুদিন আগে। সালমান শাহ’র প্রতি ভালো লাগা থেকেই গানটি নতুন করে গেয়েছি।’
‘সাথী তুমি আমার জীবনে’ গানটির মূল কণ্ঠশিল্পী ছিলেন খালিদ হাসান মিলু ও কনকচাঁপা। তবে পড়শী গেয়েছে একাই। এর কথা, সুর ও সংগীত পরিচালনা করেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান। সিনেমায় সালমান শাহের সঙ্গে ছিলেন শাবনূর। নতুন করে গাওয়া গানটির ভিডিওতে পড়শীর সঙ্গে মডেল হিসেবে দেখা যাবে ইমরান খানকে। সংগীতচিত্রটি পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী।
সালমান শাহ মারা যাওয়ার পর ১৯৯৬ সালে মুক্তি পেয়েছিল ‘চাওয়া থেকে পাওয়া’ সিনেমাটি। এম এম সরকার পরিচালিত এ সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন মোহাম্মদ রফিকউজ্জামান।