৬ দেশের উপস্থিতিতে সরকার ঘোষণা করবে তালেবান, তালিকায় নেই ভারত

সরকার গঠনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে  আফগান তালেবান। সরকার ঘোষণার অনুষ্ঠানে পাকিস্তানসহ ছয়টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে তারা। বাকী ৫টি দেশ হলো- তুরস্ক, কাতার, রাশিয়া, চীন ও ইরান। ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখার ঘোষণা দিলেও ভারতকে আমন্ত্রণ জানায়নি তালেবান।  খবর: ইন্ডিয়া টুডে।

প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানে সরকার গঠন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নতুন সরকার ঘোষণার অনুষ্ঠানে পাকিস্তান, চীন, রাশিয়া, কাতার, তুরস্ক ও ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এখনও পর্যন্ত তালেবানের আমন্ত্রণ তালিকায় নাম নেই ভারতের। যদিও কিছু দিন আগেই তালেবান সরকারের সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রী শের মুহাম্মদ আব্বাস স্তানিকজাই জানিয়েছিলেন, ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রাখতে চান তারা। আফগানিস্তানের মাটি জঙ্গি কার্যকলাপের জন্য ব্যবহার করতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

তালেবান সরকারকে এখনও স্বীকৃতি দেয়নি ভারত। নয়াদিল্লিকে সেই অবস্থান বদলের আহবানও জানিয়েছে তালেবান।

আফগানিস্তানে সরকার গঠনের প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছে তালেবান। পাঞ্জশির দখলের দাবি করার পর পরই তালেবান এ কথা জানালো।

তবে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, ‘নতুন সরকার গঠন এবং মন্ত্রিসভায় কারা থাকবেন, সেই ঘোষণা হবে আগামী সপ্তাহে’।

আজ সোমবার সকালে জবিউল্লাহ মুজাহিদ দাবি করেন, ‘আফগানিস্তানের শেষ প্রদেশ হিসাবে পাঞ্জশির এখন আমাদের দখলে। গোটা আফগানিস্তানের দখল নিয়েছে তালেবান’।

পাঞ্জশিরের সরকারি ভবনে তালেবানের পতাকাও উড়তে দেখা গেছে। পাঞ্জশিরে প্রতিরোধ বাহিনীর অন্যতম নেতা আহমদ মাসুদের বাড়ির দখলও নিয়ে নিয়েছে তারা। ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যাচ্ছে মাসুদের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন তালেবান যোদ্ধারা।