পাকিস্তানসহ কোনো দেশকে আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে দেবে না তালেবান।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সোমবার এ কথা জানান।
জাবিউল্লাহ মুজাহিদ বলেন, পাকিস্তানসহ কোনো দেশকে আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না।
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল হামিদ গত সপ্তাহে অঘোষিত সফরে কাবুলে যাওয়ার পর আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের প্রশ্ন উঠেছিল। আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদ আফগানিস্তানে একটি গ্রহণযোগ্য সরকার গঠনে কাবুলে তালেবান নেতা মোল্লা আবদুল গনি বরদার সঙ্গে দেখা করেন।
প্রশ্ন ওঠার পরপরেই এই ঘোষণা দেন তালেবান মুখপাত্র।
সরকার গঠনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে আফগান তালেবান। সরকার ঘোষণার অনুষ্ঠানে পাকিস্তানসহ ছয়টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে তারা। অন্য ৫টি দেশ হলো- তুরস্ক, কাতার, রাশিয়া, চীন ও ইরান। ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখার ঘোষণা দিলেও ভারতকে আমন্ত্রণ জানায়নি তালেবান।
ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানে সরকার গঠন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নতুন সরকার ঘোষণার অনুষ্ঠানে পাকিস্তান, চীন, রাশিয়া, কাতার, তুরস্ক ও ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এখনো পর্যন্ত তালেবানের আমন্ত্রণ তালিকায় নাম নেই ভারতের। যদিও কিছুদিন আগেই তালেবান সরকারের সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রী শের মুহাম্মদ আব্বাস স্তানিকজাই জানিয়েছিলেন, ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রাখতে চান তারা। আফগানিস্তানের মাটি জঙ্গি কার্যকলাপের জন্য ব্যবহার করতে দেওয়া হবে না বলেও জানান তিনি।