নিজের ভুলটা বুঝতে পারছেন লিটন (ভিডিও)

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ৫২ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ১২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৭৬ রানে গুটিয়ে যায় টাইগাররা। যদিও মোহাম্মদ নাঈমের সঙ্গে শুরুটা ভালোই করেছিলেন লিটন দাস।

১১ বলে ১৫ রান করা লিটনকে ফিরিয়েই উইকেট উৎসবের শুরু করেছিল কিউইরা। লিটন এখন অনুধাবন করতে পারছেন, তিনি আরেকটু দায়িত্ব নিতে পারলে দলের কাজটা সহজ হতো।

সোমবার বিসিবি প্রেরিত ভিডিও বার্তায় লিটন বলেন, ‘আমি আর নাঈম শুরুটা ভালো করেছিলাম। আমি যদি ওই জায়গাটায় আরেকটু সেন্সিবল ক্রিকেট খেলতে পারতাম, আরেকটু দায়িত্ব নিতে পারতাম, কাজটা সহজ হয়ে যেত।’

সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রসঙ্গ টেনে লিটন বলেন, ‘দ্বিতীয় ম্যাচেও আমার ও নাঈমের ভালো একটা জুটির কারণে পরের ব্যাটসম্যানরা সহজ ব্যাটিং করতে পেরেছে। এ রকম সুযোগ এলে পরের বার চেষ্টা করব ইনিংস বড় করার জন্য।’

প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৬০ রানে গুটিয়ে দিয়ে ৭ উইকেটে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষকে ১৪২ রান লক্ষ্য দিয়ে ৪ রানে জয় তুলে নেয় স্বাগতিকেরা। সিরিজে এখন ২-১ এ এগিয়ে টাইগাররা।

অস্ট্রেলিয়া সিরিজের মতো এই সিরিজেও রানের জন্য সংগ্রাম করতে হচ্ছে ব্যাটারদের। লিটন বলছেন কন্ডিশনটাই ব্যাটারদের জন্য কঠিন।

‘টি-টোয়েন্টিতে সব সময় লক্ষ্য থাকে বড় স্কোর করার বা রানের চাকা সচল রাখার। যেহেতু এ জিনিসটা হচ্ছে না, খেলাটা সেভাবে পাল্টাতে হচ্ছে। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে এ রকম উইকেটে মানিয়ে নেওয়া কঠিন। কারণ, সব ব্যাটসম্যানই একটু আক্রমণাত্মক মেজাজে থাকে।’- বলেন লিটন।

বুধবার সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। পঞ্চম ও শেষ ম্যাচ শুক্রবার।