নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় সাবলেট ভাড়া নিতে গিয়ে এক গৃহবধূ (৩৫) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত রবিবার ওই গৃহবধূ ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন। মামলায় মো. মহসিন নামে একজনকে আসামি করা হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়, নারায়নগঞ্জ কোর্টে মহসিনের সঙ্গে পরিচয় হয় গৃহবধূর। এই পরিচয়ের সূত্র ধরে পরিবার নিয়ে থাকার জন্য একটি ফ্ল্যাটের সন্ধান চায় মহসিন। গৃহবধূ মহসিনকে বলেন তার ফ্ল্যাটটি অনেক বড়, ইচ্ছে করলে সাবলেট হিসেবে থাকতে পারেন। গৃহবধূর প্রস্তাবে রাজি হয়ে গত ২ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে ফ্ল্যাট দেখতে যায় মহসিন। তখন গৃহবধূ একাই ছিলেন ফ্ল্যাটে। ফ্ল্যাট দেখা শেষে ছুরির ভয় দেখিয়ে হাত-মুখ বেঁধে ওই গৃহবধূকে ধর্ষণ করে পালিয়ে যায় মহসিন। ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, ২ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় ওই গৃহবধূর ফ্ল্যাটে ধর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনার পর তার আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ করতে বিলম্ব করেছে। তাই তিন দিন পর অভিযোগ পেয়ে প্রাথমিক তদন্ত শেষে মামলা নিয়েছি। পলাতক মহসিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।