কপিরাইট বোর্ডের সিদ্ধান্ত

পুরনো গান অনলাইনে প্রকাশ, মেধাস্বত্ব পাবে চার পক্ষ

পুরনো ক্যাসেট, সিডি, ডিভিডিতে প্রকাশিত ও সম্প্রচারিত গান নতুন করে অনলাইনে প্রকাশ বা সম্প্রচারের রয়্যালিটির বিভাজনসংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা নিরসনে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কপিরাইট বোর্ড। সিদ্ধান্ত অনুযায়ী, গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী ও লেবেল কোম্পানি মেধাস্বত্বের অধিকার পাবে। গানটিতে নতুন করে সংযোজন যদি না করা হয় তাহলে এই চার পক্ষ সমভাবে মেধাস্বত্ব পাবে। রবিবার কপিরাইট বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

কপিরাইট অফিস জানায়, মেধাস্বত্ব জটিলতা নিরসনে বাংলাদেশ কপিরাইট বোর্ড গত ২২ মার্চ একটি সভা করেছিল। সেই সভার সিদ্ধান্তই আনুষ্ঠানিকভাবে রবিবার জানানো হয় চিঠিতে।

কপিরাইট অফিসের রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী বলেন, ‘গত রবিবার থেকে চিঠি ইস্যুর পরই মূলত সিদ্ধান্তটি কার্যকর হয়েছে। এখন থেকে পুরনো ক্যাসেট, সিডি, ডিভিডিতে প্রকাশিত ও সম্প্রচারিত গান ডিজিটাল বা অন্য প্ল্যাটফর্মে সম্প্রচার বা পরিবেশনের মাধ্যমে অর্জিত রয়্যালিটি বিভাজনের ক্ষেত্রে উল্লিখিত হার অনুসরণ করতে হবে।’