ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ গত ৯ দিনেও ফেরত পায়নি পরিবার। লাশ ফেরত পেতে পরিবার দুটি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে।
গত ২৯ আগস্ট ভোরে বুড়িমারী সীমান্তে বুড়িমারী ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের বুলবুল হোসেনের ছেলে ইউনুছ আলী (২৭) ও নীলফামারীর ডিমলা উপজেলার ধনবার রায়ের ছেলে জগন্নাথ রায় সাগর (৩৮) নিহত হন।
নিহত ইউনুস আলীর বাবা বুলবুল আহম্মেদ বলেন, ‘সন্তান হারানোর ব্যথা নিয়ে অনেকের কাছে গিয়েও কোনো সুরাহা পাচ্ছি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি করে বলেন, সীমান্তে নিহত ছেলের মুখ একনজর দেখে দেশে যেন কবর দিয়ে পারি সে ব্যবস্থা করার।
জগন্নাথ রায় সাগরের বাবা ধনবর রায় বলেন, ‘ছেলের মুখ দেখতে অস্থির হয়ে আছি। ৪-৫ দিন জলঢাকা থেকে বুড়িমারী গেলাম কিন্তু কেউ তো আমাদের কথা শোনে না।’ বর্ডার গার্ড বাংলাদেশ ৬১ (বিজিবি) বুড়িমারী কোম্পানি কমান্ডার বেলাল হোসেন বলেন, ‘লাশ ফেরতের ফাংশন শেষ। এগুলো নিয়ে আমরা আর কিছু বলতে বা করতে চাই না।’ এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি। এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ ৬১ (বিজিবি) রংপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি।