বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দেশি-বিদেশি যড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে।
তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে এখনো কুৎসা রটানোর অপচেষ্টা চলছে। কিন্তু যড়যন্ত্র করে, কুৎসা রটিয়ে তার ইমেজ ম্লান করা যাবে না।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৪তম কারামুক্তি দিবস উপলক্ষে মঙ্গলবার মোহাম্মদপুরে দোয়া ও আলোচনা অনুষ্ঠানে রিজভী এসব কথা বলেন।
তিনি বলেন, তারেক রহমান নির্যাতিত ও নিপীড়িত নেতা। তার নেতৃত্ব একদিনে তৈরি হয়নি। তিনি তৃণমূল থেকে ধারাবাহিকভাবে বর্তমানে পদে আসীন হয়েছেন।
বিএনপি মুখপাত্র বলেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা সাজানো মামলায় কারাগারে প্রেরণের পর তিনি গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার নেতৃত্বে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ।
তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাতদিন পরিশ্রম করে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনিই জাতীয়তাবাদী আন্দোলনের নেতা। তার নেতৃত্বেই বর্তমান ভোটারবিহীন সরকারের পতন হবে, ইনশা আল্লাহ।
রিজভী বলেন, তারেক রহমান বীরের বেশে দেশে ফিরবেন, দেশের মানুষের নেতৃত্ব দেবেন। বেগম খালেদা জিয়াও মুক্ত হবেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলামের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, সহ-প্রচার সম্পাদক আলিমুজ্জামান আলীম, আসাদুল করীম শাহিন, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ হোসেন বকুল, ড্যাব নেতা ডা. আব্দুল আউয়াল, সাবেক ছাত্রনেতা সঞ্জয় প্রমুখ।