‘বৌদ্ধ বিন লাদেন’কে মুক্তি দিল মিয়ানমারের সেনা সরকার

বিতর্কিত বৌদ্ধ ভিক্ষু আশ্বিন উইরাথুকে মুক্তি দিয়েছে মিয়ানমারের সেনা সরকার। জাতীয়বাদী ও মুসলিম বিদ্বেষী বক্তব্য দেওয়ার জন্য কুখ্যাত এই বৌদ্ধ ভিক্ষু।

এর আগে, তার ওপর বেসামরিক সরকারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছিল। গত ফেব্রুয়ারিতে মিয়ানমারের সেনাবাহিনী এক অভ্যুত্থানে ওই সরকারকে ক্ষমতাচ্যুত করে।

বিতর্কিত বক্তব্যে জনতাকে সহজে উত্তেজিত করার পাশাপাশি সামরিকপন্থী দৃষ্টিকোণের জন্য পরিচিত উইরাথু।

ওসামা বিন লাদেনের নামের সঙ্গে সামঞ্জস্য রেখে নিজেকে তিনি ‘বৌদ্ধ বিন লাদেন’ বলে ঘোষণা দিয়েছিলেন। মুসলিমদের লক্ষ্য করে, বিশেষ করে রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগ রয়েছে এই বৌদ্ধ ভিক্ষুর বিরুদ্ধে।

সাম্প্রতিক বছরগুলোতে, উইরাথু সামরিকপন্থী সমাবেশে জাতীয়তাবাদী বক্তৃতা দেন এবং অং সান সু চি নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি সরকারের সমালোচনা করতে দেখা যায় তাকে।

২০১৯ সালে বেসামরিক সরকারের বিরুদ্ধে ‘ঘৃণা ও অবমাননা’ উসকে দেওয়ার অভিযোগ উঠে উইরাথুর ‍বিরুদ্ধে। এরপর গ্রেপ্তার এড়াতে তিনি পালিয়ে যান। তবে গত বছরের নভেম্বরে কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন এই বৌদ্ধ ভিক্ষু। এরপর থেকে বিচারের অপেক্ষায় ছিলেন উইরাথু।  

সোমবার সেনাবাহিনী সরকার জানায়, তার বিরুদ্ধে আনীত সমস্ত অভিযোগ প্রত্যাহার করা হয়েছে। তবে এই প্রত্যাহারের কোনো কারণ দেখায়নি জান্তারা।

আরও জানানো হয়, উইরাথু এক সামরিক হাসপাতালে চিকিৎসা চাইছেন। তবে এই বৌদ্ধ ভিক্ষুর শারীরিক অবস্থা কেমন তা জানা যায়নি।