মেহেদি দেওয়ার পর হাতে ফোসকা পড়ায় কোম্পানিকে এক লাখ টাকা জরিমানা

মেহেদি ব্যবহারের পর মানিকগঞ্জে অনন্যা আলম নামে এক ক্রেতার দুই হাতে ফোসকা পড়ে। এ ঘটনার পর মানিকগঞ্জ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়ে লিখিত অভিযোগ করেন ওই নারী। অভিযোগের ভিত্তিতে মেহেদি প্রস্তুতকারক তাসমিয়া কসমেটিকস অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডকে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) এক লাখ টাকা জরিমানা দিয়ে হয়।

অভিযোগকারী ক্রেতাকে জরিমানার ২৫ শতাংশ অর্থ প্রদান করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকারের মানিকগঞ্জ জেলার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বিষয়টি নিশ্চিত করেন।

সহকারী পরিচালক বলেন, গত ২৭ আগস্ট মানিকগঞ্জ জেলা শহরের তৃপ্তি প্লাজার ভাই ভাই কসমেটিকস নামে দোকান থেকে ২৭ আগস্ট মেহেদিটি কিনেছিলেন অনন্যা আলম। সেটি ব্যবহারের পরদিন তার দুই হাত ফুলে যায় এবং ফোসকা পড়ে। পরে ওই ক্রেতা ৩১ আগস্ট জাতীয় ভোক্তা অধিকারের মানিকগঞ্জ জেলা কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রেক্ষিতে গত ১ সেপ্টেম্বর স্মার্ট অ্যাকটিভ মেহেদির উৎপাদনকারী ও পরিবেশক তাসমিয়া কসমেটিকস অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেড এবং অভিযোগকারীর উপস্থিতিতে প্রথম দফায় শুনানি করেন ভোক্তা অধিকারের মানিকগঞ্জ জেলার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

ভোক্তা অধিকারের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নির্দেশে উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মঙ্গলবার দুপুরে শুনানির জন্য ডাকা হয় এবং শুনানিতে প্রতিষ্ঠানটির প্রতিনিধি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভুক্তভোগীর চিকিৎসা ব্যয় বহন করতে সম্মত হন।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী মেহেদি উৎপাদনকারী প্রতিষ্ঠান (স্মার্ট অ্যাকটিভ) থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

আইন অনুযায়ী অভিযোগকারী অনন্যা আলমের হাতে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের মাধ্যমে আরোপিত জরিমানার ২৫ শতাংশ অর্থ প্রদান করা হয়।