বৃষ্টির জন্য মেয়েশিশুকে বিবস্ত্র করে শোভাযাত্রা!

বৃষ্টির জন্য আচারের অংশ হিসেবে ভারতের মধ্যাঞ্চলের একটি গ্রামে ৬ মেয়েশিশুকে বিবস্ত্র করে একটি শোভাযাত্রায় হাঁটানো হয়েছে। মধ্যপ্রদেশের দামো জেলার বুন্দেলখণ্ডের খরাপীড়িত একটি গ্রামে সম্প্রতি এ ঘটনা ঘটেছে বলে খবর দিয়েছে বিবিসি।

সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওতে ওই মেয়েশিশুদের একটি কাঠের ভেলা কাঁধে তুলে হাঁটতে দেখা গেছে; যে ভেলায় বাঁধা ছিল একটি ব্যাঙ। স্থানীয়দের বিশ্বাস, এ আচার বৃষ্টি দেবতাকে তুষ্ট করবে এবং ফলশ্রুতিতে ওই অঞ্চলে বৃষ্টিপাত হবে।

এ ঘটনার পর ভারতের শিশু অধিকার রক্ষাবিষয়ক জাতীয় কমিশন দামো জেলা কর্র্তৃপক্ষের কাছে ঘটনার বিষয়ে প্রতিবেদন চেয়েছে। মধ্যপ্রদেশের পুলিশ বলছে, তারা এ আচার অনুষ্ঠান নিয়ে আনুষ্ঠানিক কোনো অভিযোগ পায়নি। এরপরও তদন্ত করা হচ্ছে।

দামোর পুলিশ সুপার ডি আর তেনিওয়ার পিটিআইকে বলেন, ‘ওই মেয়েদের জোর করে বিবস্ত্র করা হয়েছে এমন কিছু পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

ভিডিওতে খালি গায়ের যে মেয়েদের দেখা গেছে, তাদের কারও কারও বয়স ৫ বছর বলে বিভিন্ন গণমাধ্যম খবর দিয়েছে। শোভাযাত্রায় মেয়েদের পেছনে ছিল নারীদের একটি দল, যারা গান করছিলেন। শোভাযাত্রাটি গ্রামের প্রতিটি বাড়ির সামনে গিয়ে থামলে শিশুরা সেসব বাড়ি থেকে খাদ্যশস্য সংগ্রহ করে। পরে এসব খাদ্যশস্য স্থানীয় একটি মন্দিরের কমিউনিটি কিচেনে দিয়ে দেওয়া হয়। শোভাযাত্রায় অংশ নেওয়া এক নারী পিটিআই বলেন, ‘আমরা বিশ্বাস করি এ রকমটা করলে বৃষ্টি আসবে।’ দামোর জেলা কালেক্টর এস কৃষ্ণ চৈতন্য বলেন, ‘৬ মেয়ের মা-বাবা তাদের সন্তানদের বিবস্ত্র করে শোভাযাত্রায় হাঁটানোর ব্যাপারে সম্মতি দিয়েছিলেন এবং তারা নিজেরাও এতে অংশ নেন।’

ভারতের কৃষি ব্যবস্থা অনেকটাই বর্ষা মৌসুমের বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল। দেশটির অনেক এলাকায় বৃষ্টি দেবতাকে তুষ্ট করতে নানান আচার অনুষ্ঠানের চল রয়েছে। কোনো কোনো এলাকায় বৃষ্টি আনতে করা হয় যজ্ঞ, কোথাও ব্যাঙ বা গাধার বিয়ে দেওয়া হয়; কোথাও আবার বৃষ্টি দেবতাকে তুষ্ট করতে বের হয় শোভাযাত্রা, গাওয়া হয় গান।

এ ধরনের আচার সাধারণ মানুষকে দুঃখ-কষ্টের তীব্রতা থেকে দূরে সরিয়ে রাখে বলে অনেকে বললেও সংস্কৃতিবিষয়ক বিশেষজ্ঞদের মতে, এসব চর্চা হচ্ছে হতাশার বহির্প্রকাশ, যেখানে অংশ নেওয়ারা বিশ্বাস করেন সাহায্যের জন্য তাদের আর অন্য কোথাও যাওয়ার জায়গা নেই।