পদ্মা সেতুতে নির্দিষ্ট সময়েই রেলের কাজ শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেছেন, ‘পদ্মা সেতু আগামী বছরের জুনে খুলে দেওয়া হবে। তখন রেল মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত পদ্মা সেতু পারাপার হবে। যদি কোনো কারণে একইদিনে আমরা রেল উদ্বোধন করতে না পারি তাহলে আমরা দ্বিতীয় চিন্তা রেখেছি। সেটা হলো ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত পুরোটাই রেল অপারেট করবে আগামী বছর ১৬ ডিসেম্বর।’
গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে রেল লিংকের ভায়াডেক্ট-টুতে তিনি এসব কথা বলেন। এ সময় রেলমন্ত্রী ট্রলি ট্রেন দিয়ে রেলের দেড় কিলোমিটার এলাকা ঘুরে দেখেন। বাংলাদেশ রেলওয়ের ডিজি ও পদ্মা সেতু প্রকল্পের পরিচালক মো. আফজাল হোসেন, রেল মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, মেজর জেনারেল জাহিদুল, পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল আউয়াল, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।