ওভালে ৫০ বছর পর ভারতের জয়

ওভালে প্রথম টেস্ট জয় পেয়েছে ভারত ১৯৭১ সালে। ৫০ বছর পর এই মাঠে তারা দ্বিতীয় জয় পেল সোমবার। লন্ডনের এই মাঠে ৮৫ বছরে খেলে মাত্র দ্বিতীয় টেস্ট জিতল তারা। ১৯৩৬ সালে ওভালে প্রথম টেস্টে ৯ উইকেটে হেরেছিল ভিজিয়ানাগ্রামের মহারাজার দল। প্রথম ইনিংসে মহম্মদ নিসার নিয়েছিলেন ৫ উইকেট। ওয়ালি হ্যামন্ড ২১৭ রান করেন। এরপর ১৯৪৬ ও ১৯৫২ সালে খেলা দুটি টেস্ট ড্র হয়। ১৯৫৯ সালে ওভালে ইনিংস ও ২৭ রানে হেরে যায় ভারত। ১৯৭১ সালে ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট জয় পায় ভারত। সেই সূত্রে সিরিজও জিতে তারা। অজিত ওয়াদেকারের নেতৃত্বে সেই ম্যাচে ভারত রে ইলিংওয়ার্থের ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছিল। ১৯৭৯ থেকে ২০০৭ সাল পর্যন্ত ওভালে খেলা পাঁচটি টেস্টই ড্র হয়। এই ম্যাচের আগে ওভালে শেষ তিনটি টেস্টে হেরেছিল ভারত।

বুমরাহর ৬ ওভারের স্পেল : ওভাল টেস্ট জয়ের মূলে সোমবার জাসপ্রিত বুমরাহর একটা স্পেল। ১১-৫-১৪-০ নিয়ে ৬১তম ওভারে ৬ ওভারের ওই স্পেল শুরু করেন ডানহাতি ফাস্ট বোলার, যখন ইংল্যান্ডের স্কোর ১৩৬/২। ক্রিজে ৬২ রানে হাসিব হামিদ ও ১২ রান নিয়ে জো রুট। ও প্রান্তে জাদেজা প্রথমে ৬৩ রান করা হাসিবকে আউট করেন। বুমরাহ স্পেলের তৃতীয় ওভারে প্রথম ইনিংসে ইংল্যান্ডের সর্বোচ্চ স্কোরার ওলি পোপকে বোল্ড করে দেন। পরের ওভারেই তিনি শূন্য হাতে ফেরান জনি বেয়ারস্টোকে (ইংল্যান্ড পরিণত হয় ১৪৬/৫-এ)। এর পাঁচ বলের মধ্যে সদ্য ক্রিজে আসা মঈন আলিকে ফেরান জাদেজা। ৬-৪-৬-২ স্পেলটা যখন শেষ করেন তখন ইংল্যান্ডের স্কোর ১৪৯/৬। সব মিলিয়ে তার বোলিং ২২-৯-২৭-২। বুমরাহর ওই স্পেলের প্রশংসা করে ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেন, ‘নিশ্চিতভাবে অবিশ্বাস্য স্পেল। উইকেটে বোলারদের জন্য তেমন কিছু ছিল না, কিন্তু যখনই বল কিছুটা রিভার্স করা শুরু করল, জাসপ্রিত এসে বলল আমাকে বোলিং দাও। আর সে ওই ৬ ওভারের স্পেলে দুটি উইকেট এনে দিয়েছে; যেটা ম্যাচের গতি পুরোপুরি আমাদের দিকে ঘুরিয়ে দেয়। ওই সময়ই আমরা বুঝতে পেরেছিলাম, ইংল্যান্ড আর কোনো ভুল করলেই ম্যাচ আমাদের।’

পোপকে আউট করে টেস্ট ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন বুমরাহ। ভারতীয় ফাস্ট বোলারদের মধ্যে সবচেয়ে কম ২৪ টেস্ট খেলে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ভাঙলেন কপিল দেবের রেকর্ড (২৫ টেস্ট)। এ তালিকায় তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছেন মোহাম্মদ শামি এবং ইরফান পাঠান। তারা ১০০ উইকেট নিয়েছেন ২৯ টেস্টে। তবে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে কম ১৮ টেস্ট খেলে ১০০ উইকেট নেওয়ার কীর্তি রবিচন্দ্রন অশ্বিনের।