হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাসির হোসেন (৩৫) ও মাসুম হোসেন (২৮)। নাসির পুলিশের তথ্যদাতা (সোর্স), মাসুম ঠিকাদার ছিলেন বলে জানা গেছে। তারা বন্ধু ছিলেন।

ওয়ারী থানার পুলিশ জানায়, গতকাল দিবাগত রাত তিনটার দিকে টিকাটুলীর রাজধানী সুপার মার্কেট বরাবর মেয়র হানিফ উড়ালসড়কে দ্রুতগতির একটি মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারান। মোটরসাইকেলটি উড়ালসড়কের সুরক্ষাদেয়ালে গিয়ে জোরে ধাক্কা খায়। এতে নাসির ও মাসুম মোটরসাইকেল থেকে ছিটকে উড়ালসড়কের ওপর গিয়ে পড়েন।

রক্তাক্ত অবস্থায় নাসির ও মাসুমকে উদ্ধার করে তারা। দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

ওয়ারী থানার এসআই মিজানুর রহমান জানান, মোটরসাইকেলটি চালাচ্ছিলেন নাসির। পেছনে বসে ছিলেন তার বন্ধু মাসুম।