নোয়াখালীর বেগমগঞ্জে জামায়াত ইসলামের নেতাকর্মী ঝটিকা মিছিল করে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে জামায়াত ইসলামীর ৩ নেতাকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- জেলা জামায়াতের আমির মাওলানা আলাউদ্দিন (৬০), জেলা জামায়াতের সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক নাসিমুল গনি চৌধুরী ওরফে মহল (৪৫), জামায়াত নেতা ফখরুল ইসলাম দাউদ (৪০)।
বুধবার ভোরে উপজেলায় পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা বর্তমানে থানা হেফাজতে রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানসহ ১০ জনকে গ্রেপ্তারের প্রতিবাদে পুলিশের চোখ ফাঁকি দিয়ে নোয়াখালীর চৌমুহনী বাজারে বিক্ষোভ মিছিল করে জামায়াত ইসলামের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল শেষে কাচারি বাড়ি মসজিদ এলাকায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন, জেলা জামায়াতের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নাসিমুল গনি মহল চৌধুরী, চেীমুহনী পৌর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান, শিবিরের নোয়াখালী উত্তর সভাপতি মো. সুমন। পরে খবর পেয়ে বুধবার ভোর রাতে পুলিশ তাদের একাধিক স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।
নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, গতকাল চৌমুহনী বাজার এলাকায় বাংলাদেশ জামায়াত ইসলামী ঝটিকা মিছিল করে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করায় বিশেষ ক্ষমতা আইনে ১১জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০/৪০জনকে আসামি করে মামলা হয়েছে।
ওই মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। অপর আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।