গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ দিন করোনা আক্রান্তে কোনো মৃত্যু হয়নি। এদের মধ্যে ২ জন নারী ও একজন পুরুষ।
মৃত ৩ জনই ময়মনসিংহের বাসিন্দা। এর আগে গত জুলাই ও আগস্ট মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৯০১ জনের মৃত্যু হয়েছিল।
করোনা উপসর্গে মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের রুমা (৩৭), গৌরীপুর উপজেলার মনি আক্তার (৩৫) এবং ঈশ্বরগঞ্জ উপজেলার শফিকুল ইসলাম (৪২)।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৫ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১২৮ জন রোগী ভর্তি আছেন।
এদের মধ্যে আইসিইউতে ৭ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ৩২ জন হাসপাতাল ছেড়ে গেছেন।
এদিকে সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৪৪ টি নমুনা পরীক্ষায় ২৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭ দশমিক ৮৪ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৪২৩ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৪০ জন।