ঝুমন দাসের মুক্তি দাবিতে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ

সুনামগঞ্জের শাল্লায় সাম্প্রদায়িক হামলার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার ঝুমন দাসের মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী। গতকাল বুধবার সারা দেশে সাংস্কৃতিক সমাবেশ করে ঝুমন দাসের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানায় সংস্কৃতিকর্মীরা। কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে ঢাকার শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিকেল সাড়ে ৪ টায় কেন্দ্রীয় উদীচীর সংগীত বিভাগের দুটি সমবেত সংগীতের মধ্য দিয়ে সমাবেশের সূচনা হয়। ‘বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা’, ‘মানব না এই বন্ধনে, মানব না এই শৃঙ্খলে’ এই গান দুটি পরিবেশন করে। এরপর প্রতিবাদী গান, আবৃত্তি পরিবেশন করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা সমাবেশে সংহতি জানান।

সমাবেশে বক্তারা বলেন, ‘এই সমাবেশের মাধ্যমে সরকারের কাছে দাবি জানাই, আপনারা ঝুমন দাসকে মুক্তি দিন। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করুন। এখন পর্যন্ত ১৭৬ জন সাংবাদিককে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়েছে।

বক্তারা আরও বলেন, তাদের অপরাধ, তারা তাদের লেখনীর মাধ্যমে যারা দুর্নীতি করছে, লুটপাট করছে রাষ্ট্রীয় সম্পদ, অন্যায় অপরাধ করছে তাদের বিরুদ্ধে কথা বলছে। এই ডিজিটাল নিরাপত্তা আইন জনগণকে নিরাপত্তা দেয় না। এই আইন লুটপাটকারীদের নিরাপত্তা দেয়। এই স্বাধীনতা, মৌলিক মানবাধিকার ও ৭২-এর সংবিধানের পরিপন্থী। তাই এই আইন বাংলাদেশে থাকতে পারে না। আমরা অবিলম্বে এই আইন বাতিলের দাবি জানাচ্ছি।‘

সমাবেশে গান পরিবেশন করেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের শোভন রহমান ও ঋষিজ শিল্পী গোষ্ঠীর মিজানুর রহমান বুলবুল। নাট্য সংগঠন ‘প্রাচ্যনাট’ পরিবেশন করে নাটক ‘মোড়ল পুলিশিং’। পরে  থিয়েটার ৫২ পরিবেশন করে নাটক ‘একটি সাহসী ফুল দেখা যায়’। নাট্যদল বটতলা পরিবেশন করে নাটক ‘রাতের রানী’। আবৃত্তি পরিবেশন করেন মিজানুর রহমান সুমন।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপনের সভাপতিত্বে সঙ্গীতা ইমামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিপিবি'র প্রেসিডিয়াম সদস্য কাফি রতন, ঝুমন দাসের স্ত্রী সুইটি দাস, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সহসভাপতি কাজল দেবনাথ, লেখক ও আইনজীবী ইমতিয়াজ মাহমুদ, ইকবালুল হক খান, একরাম হোসেন, অনিক রায়, খান আসাদুজ্জামান মাসুম, আকরামুল হক, এফ এম শাহীন প্রমুখ।