বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা বৃহস্পতিবার

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা করা হবে বৃহস্পতিবার। এ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার বেলা ১২টায় মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বাংলাদেশের বিশ্বকাপ দল।

১৭ অক্টোবর ওমান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর।

বর্তমানে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। এই সিরিজে টাইগারদের স্কোয়াড ১৯ সদস্যের। আর বিশ্বকাপের স্কোয়াড হবে ১৫ সদস্যের। যতটুকু খবর, তাতে নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়েই হবে বাংলাদেশের বিশ্বকাপ দল।

এখন দেখার কোন ৪ জন বাদ পড়েন কিউই সিরিজ থেকে। তবে দুজন রিজার্ভ ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের টিকিট পাবেন বলে জানা গেছে।