মুজিববর্ষ প্রথম মহিলা দাবা লিগ-২০২১ গতকাল বুধবার বিকেলে বাংলাদেশ দাবা ফেডারেশনের হল রুমে শুরু হয়েছে।
বাংলাদেশ পুলিশ নারীকল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা প্রধান অতিথি হিসেবে এই লিগের উদ্বোধন করেন। আকিজ সিরামিকসের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক এবং অ্যাডিশনাল ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম, রখফার সুলতানা খানম। এছাড়া আকিজ সিরামিকসের সিনিয়র মার্কেটিং ম্যানেজার আবু জুবায়ের মোহাম্মদ রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহিলা দাবা কমিটির চেয়ারম্যান আঞ্জুমান আরা আকসির। উপস্থিত ছিলেন, বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি কে এম শহিদ উল্যা, যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক, কার্যনির্বাহী সদস্য ও মহিলা দাবা কমিটির সদস্য সচিব মিসেস মাহমুদা হক চৌধুরী মলি, কার্যনির্বাহী সদস্য আলাউদ্দিন সাজু এবং কার্যনির্বাহী সদস্য সজল মাহমুদ।
অনুষ্ঠানে আন্তর্জাতিক মাস্টার মিসেস রানী হামিদকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়।
প্রথম মহিলা দাবা লিগে বাংলাদেশ পুলিশ, শাহিন চেস ক্লাব, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব, বাংলাদেশ নৌবাহিনী, তিতাস ক্লাব, শেখ রাসেল চেস ক্লাব, সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাব, রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ, সুলতানা কামাল স্মৃতি পাঠাগার ও বসির মেমোরিয়াল চেস ক্লাব অংশগ্রহণ করছে ।
লিগে বিভিন্ন দলের পক্ষে বাংলাদেশের দুজন আন্তর্জাতিক মহিলা ও পাঁচজন মহিলা ফিদে মাস্টারসহ দেশের শীর্ষস্থানীয় মহিলা দাবা খেলোয়াড়রা অংশগ্রহণ করছেন।