ভারতের বাঙালি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির জীবনী এবার আসতে চলেছে বড়পর্দায়। এ নিয়ে ঘোষণা এসেছে বৃহস্পতিবার দুপুরে।
ভারতীয় সিনেমার বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ এদিন এক সোশ্যাল মিডিয়া পোস্টে খবরটি প্রকাশ করেন।
সেখানে জানান, ভারতীয় ক্রিকেট কিংবদন্তি সৌরভ গাঙ্গুলির জীবনী অবলম্বনে চলচ্চিত্র তৈরি হতে যাচ্ছে। তবে এ নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ হয়নি।
স্বভাবতই প্রশ্ন উঠেছে, সৌরভের চরিত্রে অভিনয় করছেন কে? সেই চমকের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলে জানা গেল।
সিনেমাটি প্রযোজনা করছেন নামি পরিচালক জুটি লাভ রঞ্জন। সঙ্গে থাকছেন অঙ্কুর গার্গ।
সৌরভ সম্পর্কে উইকিপিডিয়ায় বলা হচ্ছে, এ বাঁহাতি ক্রিকেটার এখনো পর্যন্ত ভারতের সফলতম টেস্ট অধিনায়ক বলে বিবেচিত হন; তার অধিনায়কত্বে ভারত ৪৯টি টেস্ট ম্যাচের মধ্যে ২১টি ম্যাচে জয়লাভ করে। ২০০৩ সালের ক্রিকেট বিশ্বকাপে তার অধিনায়কত্বেই ভারত ফাইনালে পৌঁছে যায়। ২০০৮ সালে জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর ভারতীয় ক্রিকেট বোর্ড ও আইপিএলসহ বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করেন।
এ দিকে বলিউড সিনেমায় হালে ক্রিকেটারদের বায়োপিকের ঝড় উঠেছে। এর আগে শচীন টেন্ডুলকার, মোহাম্মদ আজহারউদ্দিন, এমএস ধোনির জীবনী দেখা গেছে পর্দায়। মুক্তির জন্য একদম প্রস্তুত আছে কপিল দেবের জীবনীধর্মী ‘৮৩’।