উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা

আগামী তিন দিনে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার নিয়মিত বুলেটিনে পরবর্তী তিন দিনের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে এ কথা বলা হয়।

এছাড়া সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় শ্রীমঙ্গলে সর্বোচ্চ ৫৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া পটুয়াখালী ও কুমারখালীতে ২২, যশোরে ১৩ এবং ভোলা ও মাইজদীকোর্টে ১২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় সামান্য বৃষ্টি হয়।

এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বুধবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার টাঙ্গাইলে সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

ঢাকায় বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।