তরুণ মডেল ও অভিনেত্রী মৌরি সেলিম ৯ সেপ্টেম্বর শোবিজ ছাড়ার ঘোষণা দিয়েছেন। ফেসবুকে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। মৌরি লিখেছেন, ‘চিরদিনের জন্য মিডিয়াকে বিদায় জানাচ্ছি। এখন আমি আমার নিজের ব্যক্তিগত জীবন আর আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি! সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আল্লাহর রহমতে সব সময় সুস্থ থাকি, ভালো থাকি!’
কিন্তু কেন শোবিজের ঝলমলে দুনিয়া ছাড়লেন মৌরি? জানালেন সে কথাও। গণমাধ্যমকে তিনি বলেন, ‘শখের বশেই এত দিন কাজ করেছিলাম। যতটা প্রত্যাশা ছিল, তার চেয়ে বেশি পেয়েছি এখানে। এ জন্য সবার কাছে কৃতজ্ঞ। অনেক দিন ধরেই কাজ করছি না। আমার পরিবারও চায় না। সবকিছু ভেবেই সিদ্ধান্তটা নিলাম। এখন পরিবারকে সময় দেই, নিয়মিত নামাজ পড়ি। একদম সাধারণ জীবন যাপন করছি। ভবিষ্যতেও এমন থাকতে চাই।’
মৌরি জানান, এখন থেকে তাদের পারিবারিক ব্যবসা দেখাশোনা করবেন তিনি। পাশাপাশি নিজেও অনলাইনে ব্যবসা শুরু করবেন।
উল্লেখ্য, মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন মৌরি সেলিম। এরপর নাটকেও বেশ পরিচিতি পান। সিনেমায় কাজ করার ভাবনাও ছিল তার। কিন্তু সে স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় জানালেন শোবিজকে।