রাজধানীর গাবতলী ও সাভারের আমিনবাজারের মধ্যে সংযোগ স্থাপনকারী লোহার পুরনো বেইলি ব্রিজটি ভেঙে পড়েছে। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা সেতুটি গতকাল বৃহস্পতিবার দুপুরে হঠাৎ ভেঙে পড়লেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এরপর থেকে তুরাগ নদের ওই রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।
বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক জানান, পরিত্যক্ত সেতুটি ভেঙে পড়ার পর গতকাল বিকেলে বিআইডব্লিউটিএ একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছে। তাতে বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট সব নৌযানের মালিক/মাস্টার/ড্রাইভারসহ নৌ-অপারেটরদের জানানো যাচ্ছে যে, আমিনবাজার-আশুলিয়া নৌপথের আমিনবাজার পুরনো লোহার বেইলি ব্রিজটি ভেঙে পড়ায় নৌপথটি নৌ-চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাই নিরাপদে নৌ-চলাচলের স্বার্থে ভেঙে পড়া বেইলি ব্রিজটি নৌপথ থেকে অপসারণ না করা পর্যন্ত আপাতত নৌ-চলাচল বন্ধ থাকবে।’