রাজধানীর বছিলার একটি বাসা থেকে এমদাদ ওরফে উজ্জ্বল মাস্টার নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় পিস্তল, গুলি, পৌনে তিন লাখ টাকা, বোমা তৈরির রাসায়নিক দ্রব্য, দেশীয় পদ্ধতিতে তৈরি বুলেট প্রুফ জ্যাকেট ও বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়। এমদাদ জেএমবির শীর্ষস্থানীয় নেতা বলে জানিয়েছে র্যাব। গতকাল বৃহস্পতিবার সকালে ওই বাসায় অভিযান শেষে এ সব তথ্য জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা জেএমবির চার সদস্যকে জিজ্ঞাসাবাদ করে বছিলার জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া যায়। পরে বুধবার গভীর রাতে সেখানে অভিযান চালিয়ে এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টারকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাবের এক কর্মকর্তা জানান, ময়মনসিংহের একটি কলেজ থেকে বিএ পাস করে প্রাথমিক স্কুলে শিক্ষকতা শুরু করেন এমদাদুল হক। কিন্তু জড়িয়ে যান উগ্রবাদী সংগঠনের সঙ্গে।