স্কুলছাত্রী ধর্ষণের শিকার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সপ্তম শ্রেণিপড়ুয়া এক স্কুলছাত্রী দল বেঁধে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সিংরাটি এলাকার ওই ঘটনায় গত বুধবার রাতে ১০ জনকে আসামি করে থানায় একটি মামলা করে মেয়েটির পরিবার। এর আগে দিনভর অভিযান চালিয়ে এক কিশোরীসহ অভিযুক্ত ৯ জনকে আটক করে পুলিশ। পরে সবাইকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয় বলে জানানো হয়েছে।

গ্রেপ্তাররা হলো সুলতানসাদী এলাকার জাহিদ (২০), তাইজুল (১৯), লস্করদীপূর্বপাড়া এলাকার সিয়াম (১৯), সিংরাটি এলাকার রিফাত (২০), রবিন (২৩), রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকার বিল্লাল (১৯), বান্টি উত্তরপাড়া এলাকার নিরব (১৯), আলীসাদী কান্দাপাড়া এলাকার খাইরুল (২২) এবং ১৪ বছরের এক কিশোরী।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৩০ আগস্ট বিকেলে এক বান্ধবীর সঙ্গে স্থানীয় তাঁতবাজার এলাকায় ফুচকা খেতে যায় ভুক্তভোগী মেয়েটি। একপর্যায়ে অভিযুক্ত বিল্লালের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে সঙ্গে থাকা ওই মেয়ে। পরে বিকেল ৫টার দিকে তাঁতবাজার এলাকায় এসে তাদের সঙ্গে দেখা করে বিল্লাল। এরপর সিএনজিচালিত অটোরিকশায় করে সুলতানসাদী এলাকায় জাহিদের ভাড়া বাসায় যায় ওই তিনজন। পরিকল্পনা মোতাবেক ঘটনাস্থলে এসে উপস্থিত হয় তাইজুল, রিফাত, খাইরুল ও নিবর। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিকশাযোগে ঘুরতে বের হয় তারা। একপর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় সিংরাটি সেতুসংলগ্ন স্থানে মেয়েটিকে সবাই মিলে পালাক্রমে ধর্ষণ করে। এর আগে স্কুলে যাওয়া-আসার পথে নির্যাতিত মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেওয়াসহ নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল অভিযুক্ত বিল্লাল। মেয়েটি এতে রাজি না হওয়ায় পরিকল্পনা মোতাবেক বন্ধুদের নিয়ে এ ঘটনা ঘটিয়েছে সে।

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান জানান, অভিযুক্তদের গতকাল আদালতে পাঠানো হয়েছে। পলাতক অন্য আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।