এনএসআই সদস্য পরিচয়ে শতাধিক লোকের সঙ্গে প্রতারণা

‘গোয়েন্দা সংস্থায় খারাপ রিপোর্ট হয়েছে, আপনার গুরুতর ক্ষতি হবে। তবে তাকে টাকা দিলে তা ঠিক করে দেওয়া হবে।’ এভাবে ভয়ভীতি এবং বিভিন্ন সরকারি সংস্থায় চাকরি দেওয়ার নাম করে অর্থ আত্মসাৎ করতেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা পরিচয় দেওয়া সোমেল হোসেন মজুমদার। এভাবে তিনি শতাধিক লোকের সঙ্গে প্রতারণা করে ৫০ লাখের বেশি টাকা হাতিয়ে নেন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-৩-এর সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস এসব তথ্য জানান। তিনি জানান, বুধবার রাত পৌনে ১১টার দিকে রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৩। এ সময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি সেট জব্দ করা হয়। তিনি আরও বলেন, বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র‌্যাব জানতে পারে প্রতারক সোমেল হোসেন মজুমদার দীর্ঘদিন ধরে পূর্ব গোড়ান, খিলগাঁও ও আশপাশ এলাকায় এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে একাধিক লোকের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে।