ভারতীয় ছোটপর্দার রিয়্যালিটি শো ‘সুপার ড্যান্সার চ্যাপটার ৪’-এ সম্প্রতি অতিথি হিসেবে হাজির হয়েছিলেন সঞ্জয় দত্ত। আর মঞ্চে তখন বেজে চলেছে ‘জং’ ছবির সুপারহিট গান ‘আইলা রে লেড়কি মাস্ত মাস্ত তু আইলা রে’। তারপর ছবিটি মুক্তির ২১ বছর পর তালে তালে পা মিলিয়েছেন দুই তারকা।
গান শুরু হতেই বিচারকের আসন ছেড়ে নাচতে শুরু করেন শিল্পা, ডেকে নেন অনুষ্ঠানের অতিথি বিচারক সঞ্জয়কেও।
চ্যানেল কর্তৃপক্ষের ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে একটি ছোট্ট ভিডিও। ওই ভিডিওতে দেখা যায়, ‘আইলা রে লেড়কি মাস্ত মাস্ত’-এর সুরে মঞ্চ কাঁপাচ্ছেন প্রতিযোগী সঞ্চিত ও তার ‘সুপার গুরু’ ভর্তিকা। তাঁদের পারফরমেন্স দেখে মুগ্ধ সবাই।
এরপরই বিচারকের আসন ছেড়ে মঞ্চে উঠে পড়লেন শিল্পা। ডেকে নিলেন ‘বাবা’কেও। এরপর ৬০ ও ৪০ বছর পেরোনো দুই তারকার রসায়ন দেখে সবাই উল্লাসে মেতে ওঠেন। ইনস্টা পোস্টেও তাদের নিয়ে ভক্তদের উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।